শুভেন্দুর শপথগ্রহণে এলেন জিৎবাংলায় গেরুয়া ঝড় উঠতেই আম জনতার মতো অনেক টলিউড তারকারাও খুশি হয়েছিলেন এই প্রত্যাবর্তনে। যাঁদের মধ্যে প্রথমেই ছিলেন টলিপাড়ার সুপারস্টার জিৎ তথা জীতেন্দ্র মদনানি। ইন্ডাস্ট্রির কানাঘুঁসো ছিলই যে জিৎ গেরুয়া শিবিরের সমর্থক। যদিও কোনওদিন বিজেপির অনুষ্ঠানে বা মিছিলে সুপারস্টারকে দেখা যায়নি। বাংলায় পদ্মফুল ফুটতেই জিৎ শুভেচ্ছা জানিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর এবারে পঁচিশে বৈশাখের দিন রবি সকালে ব্রিগেডে শপথগ্রহণ অনুষ্ঠানেও সাদা পাঞ্জাবি পরে নতুন অবতারে দেখা গেল টলিউডের 'বস'কে।
রবিবারের ব্রিগেডের শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে সকলেরই কৌতুহল ছিল এই অনুষ্ঠানে টলিপাড়ার কোন কোন সেলেবকে দেখা যেতে পারে। টেলিভিশনের বেশ কিছু চেনা মুখকে এদিন দেখা গেছিল, যাঁরা বিজেপির সমর্থক বলেই পরিচিত। তবে জিৎকে যে দেখা যাবে, তা সত্যিই কল্পনার বাইরে ছিল। কারণ রাজনৈতিক কোনও ইভেন্টে তাঁর উপস্থিতি কারোরই এতদিন নজরে পড়েনি। এদিন জিৎ পরেছিলেন ধবধবে সাদা রঙের পাঞ্জাবি, চোখে সানগ্লাস। ব্রিগেডে প্রবেশ করলেন বডিগার্ড নিয়ে।
বাংলা ইন্ডাস্ট্রিতে নয় নয় করে ২৩টি বসন্ত পার করার পরও, 'বস'-কে কোনওদিনই রাজনীতির মঞ্চে দেখা যায়নি। নিজেকে বরাবরই রাজনীতি থেকে দূরে রেখেছিলেন টলিউডের এই হিরো। সেখানে বঙ্গে প্রথম বিজেপি সরকারের শপথ পাঠের অনুষ্ঠানে গিয়ে জিৎ কি তবে দৃঢ় চিত্তে গেরুয়া শিবিরকে সমর্থন করলেন? এহেন প্রশ্ন অমূলক নয়! কারণ বিগত দেড় দশকে তৃণমূলের শাসনকালে টলিউড ইন্ডাস্ট্রিতে একাধিক ঝড় বয়ে গেলেও ফোরাম কিংবা ফেডারেশনের কোনও মিটিংয়েই দেখা যায়নি জিৎকে। ইন্ডাস্ট্রিতে একাধিক অশান্তি, ফেডারেশনের সঙ্গে ডিরেক্টর গিল্ডের মামলা-মোকদ্দমা, ব্যান কালচার সবেতেই নীরব ছিলেন জিৎ।
আর সেই আবহে বঙ্গে গেরুয়া সরকার আসতেই খুল্লামখুল্লা শপথ অনুষ্ঠানে সামিল হলেন জিৎ। তবে কি দেবের মতোই রাজনৈতিক ইনিংস শুরু করতে চলেছেন জিৎ? এর আগেও বহু তারকাকে অভিনয় থেকে রাজনীতিতে আসতে দেখা গিয়েছে। তৃণমূলে যেমন একগুচ্ছ উদাহরণ আছে তেমনি বিজেপিরও রয়েছে একাধিক তারকা মুখ। তৃণমূলের বিধ্বংসী হারের পর যদিও সংশ্লিষ্ট দলের তারকাপ্রার্থীরা লাইমলাইটের অন্তরালে। এখন গোপনীয়তা ছেড়ে যে সব তারকারা বাইরে আসছেন, তাঁরা প্রত্যেকেই বিজেপি সমর্থিত সেলেব। যাঁদের মধ্যে জিতের নাম সবার আগে রয়েছে।