পরমকে পরোক্ষভাবে খোঁচা দিলেন জিতুরাজ্যে প্রত্যাবর্তনের পর থেকেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একাধিক তারকা নিজেদের রং বদলাতে শুরু করে দিয়েছেন। শুধু তাই নয়, একসময় টলিউডের 'বিশ্বাস ব্রাদার্স'-এর ছত্রছায়ায় থাকা তারকারা হঠাৎ করেই অরুপ ও স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগরাতে শুরু করে দিয়েছেন। যাঁদের এক সময় তৃণমূলের মিটিং-মিছিল, প্রচারে স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়ে দেখা গিয়েছিল, বঙ্গ পদ্ম ফুটতেই সেইসব তারকারা পাল্টি খেতে শুরু করে দিয়েছেন। আর সেই তালিকায় সবার আগে নাম রয়েছে পরমব্রত চট্টোপাধ্যায়ের। হঠাৎ করেই অভিনেতা-পরিচালক যেমন তৃণমূল ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন, কয়েক মাস পরেই তাঁর গলায় অন্য সুর শোনা গেল। সোশ্যাল মিডিয়ায় ‘দলবদলু’ কটাক্ষের বাণে বিদ্ধ তিনি। এবার সেই পরমব্রতকেই কটাক্ষ করলেন টলিপাড়ার আর এক নায়ক জিতু কমল।
সদ্যই শেষ হয়েছে জিতুর ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার সিরিয়াল। ধারাবাহিকের শেষে দেখানো হয়েছে আর্য-অপর্ণার কোলে তাঁদের ছোট্ট সোনা। আর সেই খুদেকে নিয়েই জিতু তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেছেন। জিতু ও খুদের সেই ছবি যতটা না দৃষ্টি আকর্ষণ করেছে, তার চেয়ে বেশি নজর কেড়েছে জিতুর ক্যাপশন। সেখানে লেখা সদ্যোজাত, তারপর একটি দাঁতের ছবির সঙ্গে 'এ' লিখে আরেকটি দাঁত। আসলে জিতুর এই মজার ক্যাপশনে লুকিয়ে পরমব্রতর সম্প্রতি করা মন্তব্যটি।
আসলে সম্প্রতি রুদ্রনীলকে পাশে নিয়ে পরমব্রত সাফাই দিয়েছিলেন যে তিনি তাঁর সদ্যোজাত সন্তানের মুখের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে পরিস্থিতির সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিলেন। পরমের সেই মন্তব্যকেই ব্যাঙ্গাত্মকভাবে পেশ করেছেন জিতু। অভিনেতা এখানেই শেষ করেননি। তিনি আরও লেখেন, আমার তো নিজের দাঁতগুলোই ইন্ডাস্ট্রিকে দিয়ে দিলাম। যাক, শিল্পী মানুষ হতেই পারে। জিতুর এই পোস্টকে অনেকেই সমর্থন করেছেন।
প্রসঙ্গত, ফেডারেশনের সঙ্গে মতবিরোধ হওয়ার কারণে পরমব্রত সহ ডিরেক্টর গিল্ডের অনেকেই হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। কিন্তু গত বছরই ভোল বদলে ফেলেন পরম। সেসময়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দেখা মেলে অভিনেতা-পরিচালকের। সেসময়েই এক ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে তিনি জানিয়েছিলেন, ফেডারেশনের বিরুদ্ধে আইনি পথে হাঁটা হঠকারী সিদ্ধান্ত ছিল। শুধু তাই নয়, ‘ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান্স অ্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া’র সঙ্গে আর কোনওরকম আইনি জটিলতায় যেতে চান না বলেও জানিয়েছিলেন তিনি। এরপর পরমের ছেলে নিষাদের অন্নপ্রাশনেও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকেও দেখা যাওয়ায় অভিনেতাকে নিয়ে চর্চা আরও তুঙ্গে ওঠে। তবে রাজ্যে পালা বদলের পর পরমব্রত চোখে জল নিয়ে জানান যে সদ্যোজাতর মুখের দিকে তাকিয়ে তিনি আপোষ করতে বাধ্য হন।