সিরিয়াল ছাড়লেন শুভ্রজিৎশুরু হওয়ার কিছুমাসের মধ্যে নায়কের মুখ বদল হতে চলেছে 'শুধু তোমারি জন্য' ধারাবাহিকে। এই নিয়ে অনেক আগে থেকেই চর্চা ছিল তুঙ্গে। তবে এবার সেই চর্চাকে সত্যি প্রমাণিত করলেন সিরিয়ালের নায়ক শুভ্রজিৎ সাহা। সোশ্যাল মিডিয়ায় অভিনেতা নিজেই জানিয়ে দিলেন যে তিনি আর এই সিরিয়াল করতে পারছেন না। এই ধারাবাহিকে প্রথমবার দীপান্বিতা রক্ষিতের সঙ্গে জুটি বেঁধেছিলেন শুভ্রজিৎ। তাঁদের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মন জয় করেছিল। বেশ ভাল লাগছিল শুভ্রজিৎ-দীপান্বিতাকে। শ্যুটিং চলাকালীনই পায়ে চোট পেয়েছিলেন অভিনেতা। তখন থেকেই গুঞ্জন শুরু হয় যে শুধু তোমারি জন্য সিরিয়ালে আর অভিনয় করবেন না তিনি।
কিছুদিন আগেই শ্যুটিং করতে গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন, লিগামেন্ট ছিঁড়ে গেছিল। সেই অবস্থাতেই কোনও মতে শ্যুটিং করছিলেন অভিনেতা। তবে এবার আর পারছেন না। এই সিদ্ধান্ত তার কাছে কতটা যন্ত্রণাদায়ক সেই অনুভূতি শেয়ার করে লিখেছেন,‘সব কিছুর যেমন শুরু থাকে তেমনই শেষও থাকে। কিন্তু শেষটা যে এভাবে হবে তা কখনও ভাবিনি। লিগামেন্টে চোটের পরও দু’সপ্তাহ কাজ করেছি। অনেক কষ্ট করে শুটিং করেছি। যখন এমআরআই রিপোর্ট হাতে এল চিকিৎসকের ডায়াগনোসিস শুনে জানলাম বিশ্রাম না নিয়ে শুটিং চালিয়ে যাওয়ার জন্য পায়ে আরও কিছু জটিলতা তৈরি হয়েছে। পায়ে প্লাস্টার করার পরও কয়েকদিন কাজ করেছি। কারণ শুধু তোমারি জন্য-এর চলমান গল্পটা অসম্পূর্ণ রেখে যেতে চাইনি। ডাক্তার কাজ করার অনুমতি দিচ্ছিলেন না। নিজের শরীরের কথা না ভেবেই কাজ করে গিয়েছি। কিন্তু এখন সত্যিই পা আর সঙ্গ দিচ্ছে না।’
শুভ্রজিৎ এই সিরিয়ালের প্রোমো শ্যুটের স্মৃতিচারণ করে লিখেছেন, সিরিয়ালের প্রথম প্রোমোর মাত্র ৩ দিন আগে তাঁর কপাল ফেটে গিয়েছিল এবং স্টিচ পড়েছিল। সেই স্টিচ নিয়েই ভালো শটের আশায় সমুদ্রে লাইফ জ্যাকেট ছাড়াই ‘জেট স্কিইং’ করেছিলেন তিনি। পর্দার রাহুল আরও বলেন যে পায়ে প্লাস্টার পড়ার পর হুইলচেয়ারে বসে সকাল থেকে রাত শ্যুটিং করতেন অভিনেতা। এর ফলে হাত ও কোমরে অসহ্য ব্যথা শুরু হওয়ায় তিনি প্রোডাকশনের কাছে দিনে ১০ ঘণ্টা কাজ করার অনুমতি চেয়েছিলেন। কিন্তু মেগার প্রধান নায়ককে ছাড়া তো আর গল্প টানা সম্ভব নয়। তাই গল্পের স্বার্থে এবং নিজের শরীরকে প্রাধান্য দিয়ে অবশেষে ‘রাহুল’ চরিত্র থেকে বিদায় নিলেন তিনি।
শুভ্রজিৎ খুব শীঘ্রই যে পর্দায় আবার ফিরতে চান, সেই ইঙ্গিতও দিয়েছেন তাঁর পোস্টে। প্রসঙ্গত, মে মাসেই শ্যুটিং ফ্লোরে পায়ে চোট পান শুভ্রজিৎ। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায় তাঁর। ডান পায়ের ৬০ শতাংশ লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। চার সপ্তাহ বিছানাবন্দি থাকতে হবে নায়ককে। কিন্তু ধারাবাহিকের স্বার্থে পায়ে চোট নিয়েও শ্যুটিং চালিয়ে যাচ্ছিলেন। তবে এবারে আর পারছেন না। এবার এই ধারাবাহিকে শুভ্রজিতের বদলে কাকে দেখা যায়, সেদিকে তাকিয়ে দর্শকেরা।