
সৌরভের বায়োপিকে থাকছেন অপরাজিতা?ক্রিকেটের উজ্জ্বল কেরিয়ার থেকে ব্যক্তিগত জীবন, কেমন ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়? তাঁর জীবনচিত্র বড়পর্দায় দেখার জন্য অপেক্ষা করে রয়েছেন দর্শকেরা। সকলের প্রিয় 'দাদা'র ভূমিকায় অভিনয় করছেন রাজকুমার রাও, সেটা বহু আগেই জানা গিয়েছিল। তবে সৌরভের পরিবারের সদস্যদের চরিত্রে কোন কোন তারকারা থাকছেন, তা নিয়ে কৌতুহলের সীমা ছিল না। এবার প্রকাশ্যে এল সৌরভের মা-বাবা ও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা অভিনেতা-অভিনেত্রীদের নাম।
বেশ কিছুবার এই বায়োপিকের নির্মাতারা শহরে এসে সৌরভের বাড়ি সহ কিছু এলাকায় রেইকি চালিয়ে গিয়েছেন। চলছে ক্রমাগত বিভিন্ন চরিত্রদের অডিশন। কলকাতার অভিনেত্রীদের মধ্যে সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়-এর চরিত্রের জন্য অডিশন নেওয়া শুরু হয়। তালিকায় ছিলেন সুদীপা চট্টোপাধ্যায়, অপরাজিতা আঢ্য সহ বেশ কিছুজন। তবে কয়েকটি সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, মহারাজের মায়ের চরিত্রে দেখা যেতে পারে অপরাজিতা আঢ্যকে। প্রসঙ্গত, অভিনেত্রী হাওড়ার মেয়ে হলেও বিয়ের পর তিনি দীর্ঘদিন ধরে বেহালাতেই থাকছেন।

এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন যে তাঁর সঙ্গে ছবির প্রযোজক-নির্মাতাদের প্রাথমিক কথাবার্তা হয়েছে। পাকা কথা কিছু হয়নি। অপরাজিতা জানান যে তিনি খিব অল্প বয়স থেকেই নিরূপা দেবীকে চেনেন। বেহালায় অপরাজিতার পড়শি সৌরভের পরিবার। স্থানীয় মন্দিরে অভিনেত্রী বহুবার সৌরভের মা নিরূপা দেবীকে দেখেছেন বলে জানিয়েছেন। অভিনেত্রী বলেন যে সৌরভের মায়ের ঢেউ খেলানো চুল ও কপালে বড় টিপ তাঁর খুবই পছন্দের। অপরাজিতাও কপালে বড় টিপ পরতে অভ্যস্ত। তাঁরও লম্বা বড় চুল। এত মিল যখন, তাই মনে করা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মায়ের চরিত্রে অপরাজিতা আঢ্যকেই দেখা যেতে পারে।
ছবিতে সৌরভের বাবা চন্ডীদাস গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় থাকতে পারেন বলিউডের অভিনেতা বোমান ইরানি। ছবিতে বিসিসিয়াই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার ভূমিকায় দেখা যেতে পারে গজরাজ রাওকে। যদিও এখনও কিছু নিশ্চিত করা হয়নি। তবে এতকিছুর মাঝে ডোনা গঙ্গোপাধ্যায়ের চরিত্রে কে অভিনয় করবেন, তা এখনও পর্যন্ত ঠিক হয়নি। বলিউড ও টলিউডের সম্ভাব্য কিছু নাম উঠে এলেও তা চূড়ান্ত হয়নি।
প্রসঙ্গত, দাদার বায়োপিকের দায়িত্ব বর্তেছে বলিউডের নামজাদা পরিচালকের কাঁধে। লাভ রঞ্জন, অঙ্কুর গর্গের স্বপ্নের প্রজেক্ট। অতঃপর এই সিনেমার পরিচালকের আসনে কে বসবেন? সেই বিষয়ে যে, একটা আগ্রহ থাকবে, সেটাই স্বাভাবিক। জানা গিয়েছিল, সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবনকাহিনী অবলম্বনে ছবির পরিচালনা করতে চলেছেন বিক্রমাদিত্য মোতওয়ানে। যিনি এর আগে ‘লুটেরা’, ‘উড়ান’, ‘ভবেশ যোশি সুপারহিরো’র মতো একাধিক সিনেমায় পরিচালক হিসেবে দক্ষতার ছাপ রেখেছেন। খবর, সব ঠিক থাকলে ১৬ মার্চ থেকে শুরু হবে শ্যুটিং।