মিমির সঙ্গে সৌরভের দেখা মাঝ আকাশেগোটা বিশ্বে সৌরভ গঙ্গোপাধ্যায় খুব পরিচিত এক নাম। কলকাতার দাদা বিশ্ববাসীর মন আগেই জয় করে নিয়েছেন। তাঁর ফ্যান নয়, এমন মানুষ শহরে বোধহয় কমই রয়েছে। আম মানুষ তো বটেই, তারকারাও তাঁকে দেখলে সেলফি নিতে ছাড়েন না। এবার মাঝ আকাশে সৌরভের সঙ্গে হঠাৎই দেখা মিমির। আর দাদাকে পাশে পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত টলিপাড়ার নায়িকা।
রবিবার মিমি তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি ছবি ভাগ করেন। সেখানে দেখা যাচ্ছে বিমানের উইন্ডো সিটে বসে আছেন নায়িকা। আর আইল সিটে সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁরা তিনজনেই রয়েছেন হাসিমুখে। সেই ছবি পোস্ট করে মিমি লেখেন, গতকাল রাতে বিমানের শেষ রো শুধুমাত্র ফাঁকা ছিল। কিন্তু তাতেই আমরা রাজি হয়ে গিয়েছিলাম কারণ আমাদের বাড়ি পৌঁছতে হত। কিন্তু তারপর এই মানুষটি যিনি বিজনেস ক্লাস ছেড়ে আমাদের সঙ্গে যোগ দিলেন এবং ছবি তুললেন।
মিমি আরও বলেন, শুধুমাত্র আমাদের সঙ্গে নয়, যারা যারা ওঁর সঙ্গে ছবি তুলতে এসেছিলেন তাঁদের প্রত্যেকের সঙ্গে তিনি ছবি তুললেন এবং কিছু প্রশ্নেরও উত্তর দিলেন। এই পৃথিবীতে যেখানে নকল মানুষের ভরে গিয়েছে সেখানে ওঁর আচরণ সত্যি মন ছুঁয়ে গিয়েছে। লেজেন্ডরা বোধহয় এমনই হন। প্রসঙ্গত, সৌরভের সঙ্গে টলিপাড়ার তারকাদের সম্পর্ক খুবই ভাল। রবিবার ইডেনে ভারত-ওয়েস্ট ইন্ডিজের খেলা চলার সময়ও দাদাকে দেখা যায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গেও।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে এখন আলোচনা তুঙ্গে। কারণ তাঁর বায়োপিকের শ্যুটিং শুরু হবে আর কিছুদিনের মধ্যেই। সকলেই অপেক্ষা করে রয়েছেন তাঁর বায়োপিক দেখার জন্য। সৌরভের চরিত্রে দেখা যাবে রাজকুমার রাওকে। এরই পাশাপাশি রিয়্যালিটি শো বিগ বসেও দেখা মিলবে সৌরভের। ৮ মার্চ ইডেন গার্ডেন্সে সৌরভের উপস্থিতিতে আনুষ্ঠানিক ঘোষণা হবে 'বিগ বস বাংলা'-র। ক্রীড়াজগতের মতো বাংলা টেলিভিশনেও সফল সৌরভ গঙ্গোপাধ্যায়। বলা যায়, ছোট পর্দার ময়দানেও তিনি প্রতিবারই ছক্কা হাঁকিয়েছেন। এবার স্টার জলসার পর্দায় সঞ্চালক রূপে দেখা যাবে সৌরভকে।