Shruti Das Marriage: প্রথম সিরিয়ালেই পরিচালকের সঙ্গে প্রেম, আইনি বিয়ের ৩ বছর পর ছাদনাতলায় শ্রুতি-স্বর্ণেন্দু

বিয়ের তোড়জোড় একেবারে তুঙ্গে। শ্রুতি জানিয়েছেন, শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকেই চলছে বিয়ের সব প্রস্তুতি। কারণ হাতে সময় বড্ড কম। বিয়ের জন্য এক সপ্তাহের ছুটি চেয়েছেন অভিনেত্রী।

Advertisement
প্রথম সিরিয়ালেই পরিচালকের সঙ্গে প্রেম, আইনি বিয়ের ৩ বছর পর ছাদনাতলায় শ্রুতি-স্বর্ণেন্দুশ্রুতি দাস ও স্বর্ণেন্দু সমাদ্দার
হাইলাইটস
  • টেলিপাড়ার চর্চিত জুটি শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার।

টেলিপাড়ার চর্চিত জুটি শ্রুতি দাস ও পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। তাঁদের প্রেমকাহিনী কোনও সিনেমার চেয়ে কম নয়। সুদূর বর্ধমান থেকে অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে কলকাতা শহরে আসা সেই মেয়েটি হঠাৎ করেই মেগা সিরিয়ালে সুযোগ পান। আর সেই সিরিয়ালের পরিচালককেই মন দিয়ে বসেন অভিনেত্রী। এরপর জল গড়ায় অনেক দূরই। তবে সব প্রতিবন্ধকতা পেরিয়ে স্বর্ণেন্দু ও শ্রুতির শুভ পরিণয় হতে চলেছে এই বছরেই। যদিও আইনি বিয়ে এবং আংটি বদল কয়েক বছর আগেই সারা হয়ে গিয়েছিল। আর এবার সামাজিক বিয়ে পালা। বিয়ের সব পরিকল্পনা খুলে বললেন অভিনেত্রী শ্রুতি। 

এই মুহূর্তে শ্রুতি ব্যস্ত 'জোয়ার ভাঁটা' সিরিয়াল নিয়ে। এই সিরিয়ালে তিনি 'নিশা'র চরিত্রে অভিনয় করছেন। জানা গেল, এই শীতেই ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়ছেন শ্রুতি-স্বর্ণেন্দু। বিয়ের তোড়জোড় একেবারে তুঙ্গে। শ্রুতি জানিয়েছেন, শ্যুটিংয়ের ফাঁকে ফাঁকেই চলছে বিয়ের সব প্রস্তুতি। কারণ হাতে সময় বড্ড কম। বিয়ের জন্য এক সপ্তাহের ছুটি চেয়েছেন অভিনেত্রী। তার বেশি ছুটি পাওয়া সম্ভবও নয়, কারণ তিনি মেগা সিরিয়ালের লিড অভিনেত্রী। ২০২৩ সালে স্বর্ণেন্দু ও শ্রুতি আইনি বিয়ে সেরেছিলেন। সেই সময় শ্রুতির সাজে ছিল অভিনবত্ব। সাদা জামদানি শাড়ি-ব্লাউজ ও সঙ্গে রূপোর গয়না। চেনা ছক থেকে বেরিয়ে শ্রুতির এই সাজ নিয়ে বেশ চর্চা হয়েছিল। তবে বিয়েতে একেবারে সাবেকি বাঙালি বধূরূপেই দেখা যাবে শ্রুতিকে। বিয়েতে বেনারসী শাড়ি ও সোনার গয়নায় সাজবেন অভিনেত্রী। 

ছবি সৌজন্যে: ফেসবুক

চলতি বছরেই সরস্বতী পুজোর দিন অর্থাৎ ২৩ জানুয়ারি কাটোয়াতে বিয়ে হওয়ার কথা ছিল শ্রুতি-স্বর্ণেন্দুর। কিন্তু অভিনেত্রীর জেঠু মারা যায় জানুয়ারিতে। তাই কালাশৌচ পড়ে যাওয়ায়, বিয়ে পিছিয়ে যায়। তবে এখন আর কাটোয়া থেকে বিয়ে হচ্ছে না। দুই বাড়ি মিলেই হবে বিয়ের অনুষ্ঠান। আইনি বিয়ের দিনই সিঁদুরদানের পর্ব হয়েছিল শ্রুতির। একমাথা সিঁদুর পরে জানিয়েছিলেন তাঁর জীবন কতটা বদলে গেল। তাহলে কি আবার সিদূরদান হবে? শ্রুতির কথায়, তিন বছর পর সামাজিক বিয়ে। আইনি বিয়ের দিন অগ্নিসাক্ষী রেখে মন্ত্র পড়ে গোত্রান্তর বা সম্প্রদান কিছুই হয়নি তাঁর। তাই আবার বিয়ে করছেন সব রীতি-রেওয়াজ মেনে। বিয়ের পর যদিও মধুচন্দ্রিমাতে যাওয়ার সুযোগ পাচ্ছেন না শ্রুতি। কারণ টানা সিরিয়ালের কাজ চলবে। তাই হানিমুনে আপাতত যাবেন না শ্রুতি-স্বর্ণেন্দু। 

Advertisement

ছবি সৌজন্যে: ফেসবুক

কদিন আগেই জোয়ার ভাঁটা সিরিয়ালের কলা-কুশলীরা মিলে শ্রুতিতে আইবুড়োভাত খাইয়েছেন। মাছ, মাংস, ফিসফ্রাই, মুগ ডাল, বেগুনি সহ পাঁচ রকম ভাজা, মিষ্টি, মিষ্টি দই সহকারে কবজি ডুবিয়ে আইবুড়োভাত খেলেন শ্রুতি। শ্রুতি এবার বাস্তবে রাঙা বউ হতে চলেছেন। বরাবরই ঠোঁটকাটা বলেই পরিচিত শ্রুতি। নিজের অভিনয় দিয়ে টেলিভিশন, টলিউড এবং ওয়েব সিরিজে নিজের দাপট বজায় রেখেছেন তিনি। ‘ত্রিনয়নী’ ধারাবাহিকের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন শ্রুতি। এর পর ‘দেশের মাটি’ পেরিয়ে ‘রাঙা বউ’ ধারাবাহিকে দর্শক শ্রুতিকে দেখছেন। শিবপ্রসাদ-নন্দিনীর আমার বস ছবি দিয়েটলিউডে ডেবিউ করেন তিনি। প্রথম ধারাবাহিক থেকেই স্বর্ণেন্দুর সঙ্গে অভিনেত্রীর আলাপ। ২০১৯ থেকে সম্পর্কে রয়েছেন শ্রুতি এবং স্বর্ণেন্দু। দু’জনের বয়সের ফারাক ১৪ বছর। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের পাশাপাশি একসময় শ্রুতির মাও এই সম্পর্ক মানতে নারাজ ছিলেন। তবে সবকিছুকে পিছনে ফেলে নতুন জীবনের দিকে এগিয়ে চলেছেন শ্রুতি-স্বর্ণেন্দু। 
 

POST A COMMENT
Advertisement