সোহিনী ও শোভনজল্পনা অনেকদিন ধরেই ছিল। তবে নিজেরা মুখ ফুটে কিছুতেই তা স্বীকার করছিলেন না। আসলে অপেক্ষা করছিলেন এই বিশেষ দিনটির জন্য। ১৫ জুলাই সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়ের দু বছরের বিবাহবার্ষিকী। আর তাঁদের এই স্পেশাল দিনে ঘোষণা করলেন দুই থেকে তিন হতে চলেছেন তাঁরা। বিয়ের দুই বছরের জন্মদিনে এই সুখবর সকলের সঙ্গে শেয়ার করে নিলেন এই তারকা দম্পতি। আর এই ছবিতেই প্রথমবার দেখা গেল সোহিনীর বেবিবাম্প।
সোহিনীর মা হওয়ার খবর টলিপাড়ার অনেকেই জানেন। মা-বাবা হিসেবে এবার জীবনের নতুন অধ্যায়ের শুভসূচনা করতে চলেছেন তারকা দম্পতি। যদিও সুখবরটি এতদিন লুকিয়ে রেখেছিলেন তাঁরা। ২০২৪ সালের ১৫ জুলাই ব্যক্তিগত পরিসরে বিয়ে সারেন সোহিনী ও শোভন। আর ২০২৬ সালে বিয়ের দুই বছরের বিবাহবার্ষিকীতে দুই থেকে তিন হওয়ার কথা ঘোষণা করলেন তাঁরা। এদিন সোহিনীকে সাদা রঙের পোশাকে দেখা য়ায়। খোলা কোঁকড়ানো চুল, চুলে বেগপনি রঙের ফুল গোঁজা, কপালে ছোট টিপ ও সিঁথিতে সিঁদুর। শোভন পরেছেন নীল রঙের পাঞ্জাবি। স্ত্রী সোহিনীর বেবিবাম্প আগলে ছবি তোলেন শোভন।
সোহিনী ও শোভন এই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, দুই বছরের বিবাহ বার্ষিকীতে...আমরা দুই থেকে তিনের পথে। এই ছবি পোস্ট করতেই টলিপাড়ার অেক তারকাই তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। ছবিতে সোহিনীর বেবি বাম্প একেবারে স্পষ্ট। শোভন-সোহিনীর সুখী গৃহকোণে কি এবার নতুন সদস্য আসতে চলেছে? সপ্তাহ খানেক ধরেই টালিগঞ্জ স্টুডিওপাড়ার অন্দরে ফিসফাস! অনুরাগীমহলেও কৌতূহলের অন্ত নেই। উপরন্তু মা হওয়ার জল্পনার মাঝে এযাবৎকাল সিনেইন্ডাস্ট্রির প্রিমিয়ার বা কোনও অনুষ্ঠানেই নায়িকাকে দেখা যায়নি। জল্পনার সূত্রপাতও অবশ্য সেখান থেকেই।
যদিও শোভন আংশিকভাবে এই গুঞ্জনের কথা স্বীকার করে জানিয়েছিলেন যে এখনই সবটা সামনে আসুক চাইছেন না তাঁরা। সূত্র বলছে, এই মুহূর্তে মা হওয়ার দিকে বেশ কয়েক ধাপ এগিয়েও গিয়েছেন সোহিনী সরকার। আগামী অক্টোবরে পুজোর মরশুমেই দুই থেকে তিন হতে চলেছেন শোভন-সোহিনী। এরই মাঝে আর্টিস্ট ফোরামের এক অনুষ্ঠানে এসেছিলেন সোহিনী। চোখে-মুখে প্রেগন্যান্সি গ্লো একেবারে স্পষ্ট। সম্প্রতি এক অনুষ্ঠানে এসেও সোহিনী জানিয়েছিলেন যে অবশ্যই তিনি আনন্দের মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেবেন। অতঃপর তিনি যে মা হচ্ছেন, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন।