সোহিনী সরকারজীবন এখন অনেকটাই বদলে গিয়েছে অভিনেত্রী সোহিনী সরকারের। গত ২০ সেপ্টেম্বর মা হয়েছেন সোহিনী। তাঁর ও শোভনের সংসারে 'বীরপুরুষে'র আগমন হয়েছে। সবে একমাস সোহিনী-পুত্রের। আর এই সময় ছেলের কাছেই মাকে থাকতে হয় সব সময়। তাই নিজের ছবির প্রিমিয়ার হোক কিংবা দুর্গাপুজোর আনন্দ, সবটাই সোহিনীর কেটেছে ছেলেকে আগলে বাড়িতে। মা হওয়ার এই নতুন অভিজ্ঞতা তিনি যে ভাল রকম উপভোগ করছেন তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
পুজোর মধ্যেই মুক্তি পেয়েছে শিবপ্রসাদ-নন্দিতা রায়ের বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু। আর এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সোহিনী। প্রেগন্যান্ট অবস্থাতেও কাজ যেমন চালিয়ে গিয়েছেন, তেমনি ছবির প্রচারেও দেখা গিয়েছিল অভিনেত্রীকে। গত ২০ সেপ্টেম্বর সোহিনী ও শোভনের সংসারে এসেছে একরত্তি। এখন তাই ছেলেকে নিয়েই ব্যস্ত থাকবেন সোহিনী সেটাই স্বাভাবিক। গত বৃহস্পতিবারের সন্ধ্য়ায় এই ছবির প্রিমিয়ারে তাই থাকতে পারেননি সোহিনী। কারণ, এখন তাঁর দিন কাটছে সদ্যোজাতকে ঘিরেই। মা হওয়ার পর শরীর সামলে ওঠা, নতুন সদস্যের দেখভাল- সব মিলিয়ে আপাতত পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন তিনি। যদিও সোহিনী উপস্থিত না থাকলেও তাঁর পরিবারের সদস্যদের দেখা মিলল ছবির প্রিমিয়ারে। সেখানে হাজির হয়েছিলেন স্বামী শোভন গঙ্গোপাধ্যায় এবং শাশুড়ি।
পুজোতেও ঠিক একই অবস্থা অভিনেত্রীর। সম্প্রতি সোহিনী একটি ছবি শেয়ার করেছেন নিজের সোশ্যাল মিডিয়া পেজে। যেখানে একেবারে ঘরোয়া লুকসে দেখা গিয়েছে গ্ল্যামারস অভিনেত্রীকে। চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছেন তিনি আর বীরপুরুষকে বুকে আগলে রয়েছেন। এই ছবি শেয়ার করে সোহিনী ক্যাপশনে লিখেছেন, ‘আমাদের পুজো, ছবি তুলে দিয়েছে বাবা।’ শোভন সোহিনী ও তাঁর সন্তানের এমন সুন্দর ছবি তুলেছেন। অর্থাৎ পুজোর সময়ও সোহিনী সদ্যোজাতকে ছেড়ে কোথাও যেতে পারেননি। তাই এই বছরের পুজো বাড়িতেই বন্ধু-বান্ধব, শোভন ও পরিবারকে নিয়ে কেটেছে অভিনেত্রীর। ছোট্ট খুদেকে নিয়ে এই বছর দুর্গাপুজোয় বেরোতে না পারলেও এবারের পুজো ভীষণ স্পেশাল সোহিনীর কাছে।
সোহিনী ও শোভনের জীবনে নতুন অধ্যায়ের শুরু হয়েছে গত ২০ সেপ্টেম্বর। ওই দিনই তাঁদের সংসারে এসেছে পুত্রসন্তান। ছেলের জন্মের ১০দিনের মাথায় বীরপুরুষকে কোলে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন মা সোহিনী। তবে এখনও পর্যন্ত ছেলের মুখ প্রকাশ্যে আনেননি সোহিনী ও শোভন। অভিনেত্রীর জন্মদিনে ঝলক দেখা গেলেও, মুখ দেখা যায়নি ছেলের। আপাতত সন্তানের ব্যক্তিগত পরিসর বজায় রাখতেই তাঁরা আগ্রহী বলে মনে করছেন অনুরাগীদের একাংশ।