
সোহিনী-শোভনচলতি বছরের জুলাইতে দ্বিতীয় বিবাহবার্ষিকী পালন করবেন অভিনেত্রী সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। আর তারই মাঝে টলিপাড়ায় জোর গুঞ্জন, মা হচ্ছেন সোহিনী। দুই থেকে তিন হতে চলেছেন শোভন ও সোহিনী। যদিও তারকা দম্পতির কাছ থেকে এই নিয়ে কোনও ঘোষণা করা হয়নি। কিন্তু টলিপাড়ার জোর গুঞ্জন, মা হতে চলেছেন সোহিনী। মা হওয়ার গুঞ্জনের মাঝেই শহরের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখা গেল অভিনেত্রীকে। আর সেখানেই মা হওয়ার গুঞ্জন নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী।
সম্প্রতি সোহিনীকে দেখা গেল শহরের এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। যেখানে অভিনেত্রী পরেছিলেন হালকা গোলাপি রঙের শাড়ি ও নীল রঙের প্রিন্টেড ফুল স্লিভ ব্লাউজ। হালকা বেবিবাম্প দেখা যাচ্ছে, চোখে-মুখে মাতৃত্বের গ্লো একেবারে স্পষ্ট। সূত্রের খবর, চলতি বছরের শেষের দিকে দুই থেকে তিন হবেন সোহিনী-শোভন। যদিও এখনই এই নিয়ে কিছু বলতে নারাজ এই তারকা-দম্পতি। কিন্তু তারই মাঝে সোহিনীকে পেয়ে তাঁর এই নতুন ইনিংসের গুঞ্জন নিয়ে কথা হবে না তা কী করে হয়?

সোহিনী তাঁক চিরা চরিত হাসি নিয়েই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসেন। যদিও সেই হাসিতে লুকিয়ে ছিল অনেক কিছুই। অ্যাওয়ার্ড পাওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হন সোহিনী। মা হওয়ার প্রসঙ্গ উঠতেই অভিনেত্রী বলেন, এটা একটা অ্যাওয়ার্ড ফাংশন। আমার মনে হয়, এখানে আমরা শুধু অ্যাওয়ার্ড আর শিল্পীদের কাজ নিয়েই কথা বলি। আমাদেরও নিশ্চয় সময় আসবে, যখন আমরা সবকিছু জানাব। ওটা তো আমাদের অধিকার। প্রত্যেকটা মানুষের অধিকার, এই আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেওয়া। সেই সময় নিশ্চয় আমি ভাগ করে নেব। আর সোহিনী তাঁর এই কথার মাধ্যমেই বুঝিয়ে দিলেন যে তিনি অন্তঃসত্ত্বা।

টলিপাড়ার ইন্ডাস্ট্রির খবর, সোহিনীর এই প্রেগন্যান্সির খবর টলিউডের অনেকেই জানেন। তবে যতক্ষণ না এহেন সুখবর তারকা দম্পতি নিজেরা প্রকাশ্যে আনছেন,ততক্ষণ মুখে কুলুপ আঁটারই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। সূত্রের খবর, এই অক্টোবরেই মা-বাবা হচ্ছেন সোহিনী ও শোভন। তবে এখনই এই নিয়ে খুব বেশি হইচই করার বিপক্ষে তাঁরা, একেবারে গোপনেই রাখতে চাইছেন সবকিছু।
মা হওয়ার জল্পনার মাঝে এযাবৎকাল সিনেইন্ডাস্ট্রির প্রিমিয়ার বা কোনও অনুষ্ঠানেই নায়িকাকে দেখা যায়নি। জল্পনার সূত্রপাতও অবশ্য সেখান থেকেই। কারণ সম্প্রতি নিজের ছবি ‘ফেরা’র প্রিমিয়ারেও অনুপস্থিত ছিলেন সোহিনী। যে ছবিতে ঋত্বিক চক্রবর্তী, সঞ্জয় মিশ্রের সঙ্গে স্ক্রিন স্পেস ভাগ করে নিয়েছেন তিনি। কিন্তু সেই সিনেমার প্রিমিয়ারে টলিপাড়ার সিংহভাগ উপস্থিত থাকলেও দেখা যায়নি অভিনেত্রীকে। সেখান থেকেই অভিনেত্রীর মা হওয়ার খবর ছড়িয়ে পড়ে।