সৌমিতৃষা কুণ্ডুটেলিপাড়া তথা টলিউডের চেনা মুখ সৌমিতৃষা কুণ্ডু। অভিনয়ের পাশাপাশি তাঁর আধ্যাত্মিকতার দিকে ঝোঁক যে খুব বেশি, সে কথা অজানা কারোর নয়। ঈশ্বরের প্রতি অভিনেত্রীর অগাধ ভালোবাসা বারংবার দেখা গিয়েছে। কৃষ্ণভক্ত হলেও সৌমিতৃষা কিন্তু নিয়ম মেনে শিবের পুজো করেন। আর শ্রাবণের প্রথম সোমবার তাঁকে শিবের মাথায় জল ঢালতে দেখা গেল। প্রতি বছরই অভিনেত্রী শ্রাবণ সোমবার পালন করে থাকেন। এই বছরও সেই নিয়মের অন্যথা হলো না। লাল চুড়িদার ও হাতে লাল রঙের কাঁচের চুড়ি পরে শিবের মাথায় ভক্তি ভরে জল ঢাললেন সৌমিতৃষা।
শিবের মাথায় জল ঢাললেন সৌমিতৃষা
টলিউডের অনেক অভিনেত্রীকেই শ্রাবণ মাসের সোমবার পালন করতে দেখা যায়। যাঁদের মধ্যে সৌমিতৃষা অন্যতম। তিনি যেমন কৃষ্ণপ্রেমে বিভোর থাকেন আবার শিবের আরাধনা করতেও দেখা যায় অভিনেত্রীকে। প্রতি বছরই শিবরাত্রি, শ্রাবণ সোমবার পালন করে থাকেন। এই বছরের শ্রাবণ সোমবার ছিল ২০ জুলাই, অর্থাৎ সোমবার। আর এদিন অভিনেত্রীকে দেখা গেল লাল রঙের পোশাকে। সৌমিতৃষা এদিন পরেছিলেন লাল রঙের চুড়িদার ও হাতে ছিল লাল রঙের কাঁচের চুড়ি। ফুল, বেলপাতা ও প্রসাদ সহযোগে পুজো দিলেন শিবের। জল ঢাললেন শিবের মাথায়। এই ছবি অভিনেত্রী পোস্ট করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে।
সৌমিতৃষার জনপ্রিয়তা
'মিঠাই' ধারাবাহিকের সৌজন্যে বাংলা মেগার দর্শকের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন সৌমিতৃষা কুণ্ডু। অভিনয় প্রতিভার জেরে ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছেন। প্রথম ছবি প্রধানে সুপারস্টার দেবের বিপরীতে অভিনয়ের সুবর্ণ সুযোগ পেয়েছেন। রুমি-র চরিত্রে আরও একবার দর্শকের দিল জিতে নিয়েছেন সকলের প্রিয় মিঠাইরানি। সৌমিতৃষা একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তাঁর এই সাফল্যের পিছনে তাঁর ঈশ্বরভক্তি অন্যতম কারণ।
তৃণমূল ঘনিষ্ঠ অভিনেত্রী
তবে গত বছর শারীরিকভাবে বিধ্বস্ত ছিলেন অভিনেত্রী। বেশ কিছু সমস্যা দেখা গিয়েছিল তাঁর শরীরে। যার জেরে অভিনয় থেকে তাঁকে দূরে থাকতে দেখা গিয়েছিল। তবে সেই প্রতিবন্ধকতা কাটিয়ে আবার ফিরেছেন কাজে। সম্প্রতি তাঁর আতঙ্ক ওয়েব সিরিজে অপূর্বা চরিত্রটি প্রশংসা পেয়েছে। একসময় তৃণমূল ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন সৌমিতৃষা। তবে রাজ্যে পালা বদল হতেই নিজেকেও রাজনীতি থেকে গুটিয়ে নিয়েছেন অভিনেত্রী। গত বছরও তৃণমূলের ২১ জুলাই মঞ্চে সৌমিতৃষাকে দেখা গেলেও, এ বছর কালীঘাট তৃণমূলের ২১ জুলাই মঞ্চে তাঁকে দেখা যাবে না বলেই জানা গিয়েছে।