স্বস্তিকা দত্তটেলিভিশনের জনপ্রিয় মুখ স্বস্তিকা দত্ত। সিরিয়াল থেকে বড়পর্দা, ওয়েব সিরিজ সবেতেই দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে অন্যান্য মেয়েদের মতো পিরিয়ড বা ঋতুস্রাবে স্বস্তিকারও মেজাজের পরিবর্তন হয়, ব্যথা সহ্য করতে হয়। পিরিয়ড নিয়েই কাজ সামলাতে হয় স্বস্তিকাকেও। শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক দোলাচলও যে চলে, তা নিয়ে এর আগে অনেকেই কথা বলেছেন। সম্প্রতি স্বস্তিকাও পিরিয়ডস নিয়ে মন খুলে কথা বললেন। যদিও সেটা নিছকই মজার ছলে।
'প্রফেসর বিদ্যা' তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি মিম শেয়ার করেছেন। সেই মিমের ছবিতে স্পষ্ট লেখা রয়েছে, পিরিয়ড চলাকালীন নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা কোনও বিপজ্জনক খেলার চেয়ে কম নয়। এই মিমটি শেয়ার করার পাশাপাশি স্বস্তিকা ক্যাপশনে বেশ মজার ছলে কিন্তু অত্যন্ত সত্যি একটি কথা লিখেছেন। নায়িকার বয়ানে—'আমি বাজি ধরে বলতে পারি, পিরিয়ড শুরু হওয়ার ঠিক আগে থেকেই আসল চ্যালেঞ্জটা শুরু হয়ে যায়'।
পিরিয়ড শুরু হওয়ার আগের দিনগুলোয় মেয়েদের যে প্রি-মেনস্ট্রুয়াল সিন্ড্রোমের মধ্য দিয়ে যেতে হয়, স্বস্তিকা এখানে সম্ভবত সেই কঠিন সময়টার কথাই ইঙ্গিত করেছেন। এই সময় মেজাজ খিটখিটে হয়ে যায়, মুড সুইং হয়, কোনও কিছুই ভাল লাগে না। অথচ এই সবকিছুতে নিয়ন্ত্রণ করেই মেয়েদের দৈনন্দিন কাজকর্ম সারতে হয়। স্বস্তিকার এই মজার মিমটিকে সমর্থন করেছেন আর এক অভিনেত্রী তৃণা সাহা। অভিনেত্রী লিখেছেন, এর চেয়ে বেশি সহমত আর হওয়াই যায় না। প্রসঙ্গত, পিরিয়ড নিয়ে আজও সমাজে একাধিক ট্যাবু রয়েছে। দেশের একাধিক রাজ্যে মেয়েদের ঋতু্স্রাবের সময় বিভিন্ন রীতি-রেওয়াজ অথবা একঘরে করে দেওয়ার নিয়মও রয়েছে।
এই নিয়ে টলিপাড়ার একাধিক তারকা নিজেদের মতো করে সরব হয়েছেন। ছোট পর্দার জনপ্রিয় সিরিয়াল 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'-র মুখ্য চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা। ছোটপর্দা থেকে তাঁর উত্থান হলেও পরবর্তীতে বড়পর্দাতেও চুটিয়ে অভিনয় করেছেন তিনি। শিবপ্রসাদ-নন্দিতার ভানুপ্রিয়া ভূতের হোটেল সিনেমাতেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছে। বিদ্যা ব্যানার্জী সিরিয়ালে স্বস্তিকাকে অর্ণব বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে অভিনয় করতে দেখা গিয়েছে। অনস্ক্রিন জুটির রসায়ন অফস্ক্রিনেও এখন দেখা যাচ্ছে। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি নন স্বস্তিকা-অর্ণব।