শ্বেতা ভট্টাচার্যবাংলা টেলিভিশনের চেনা মুখ শ্বেতা ভট্টাচার্য। যমুনা ঢাকির মাধ্যমে টেলিভিশনে পা রেখেই শ্বেতা সকলের মন জয় করে নেন। এরপর একের পর এক সিরিয়াল, ওয়েব সিরিজ ও সিনেমাতেও অভিনয় করেছেন শ্বেতা। দেবের সঙ্গে প্রজাপতি-তে ডেবিউ করেছেন তিনি। এই মুহূর্তে ছোটপর্দা থেকে দূরে রয়েছেন অভিনেত্রী। তবে চোখের এক পুরনো সমস্যা নিয়ে ভীষণ ভুগতে হচ্ছে তাঁকে। চোখে এতটাই তীব্র ব্যথা যে চোখ খুলতে পর্যন্ত পারছেন না।
শ্বেতা কয়েক মাস আগেই জানিয়েছিলেন যে তাঁর চোখে সমস্যা তৈরি হয়েছে। চলতি বছরের গোড়াতে এক শ্যুটের জন্য মেকআপ করার সময় অসাবধানতাবশত চোখের ভিতরে মেকআপের কিছু অংশ ছুকে যায়। প্রথম দিকে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেননি অভিনেত্রী। সাধারণ চোখের ফোঁড়ার মতো সমস্যা ভেবেই প্রাথমিক চিকিৎসা করিয়েছিলেন। তাতে সাময়িকভাবে স্বস্তিও মিলেছিল। কিন্তু আবার সেই সমস্যা ফিরে এসেছে।
কিছুদিন আগেই ফের চোখে ব্যথা অনুভব করেন শ্বেতা। এবারে পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি গুরুতর হয়ে দেখা যায়। চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর পরীক্ষায় জানা যায়, চোখের পাতার ভিতরে আটকে থাকা মেকআপের কণা থেকেই তৈরি হয়েছে সিস্ট। সেই কারণেই বর্তমানে প্রবল ব্যথা ও অস্বস্তির মধ্যে দিন কাটছে তাঁর। শ্বেতা সম্প্রতি এক ভিডিও বার্তায় তাঁর চোখের সমস্যা নিয়ে কথা বলেছেন। অভিনেত্রী জানিয়েছেন যে তাঁকে চিকিৎসক চোখের অপারেশন করার পরামর্শ দিয়েছেন। কিন্তু অপারেশনের কথা ভাবলেই ভয় লাগে শ্বেতার। তাই আপাতত অস্ত্রোপচার না করিয়ে অন্য কোনও চিকিৎসার মাধ্যমে সমস্যার সমাধান করা যায় কি না, সেই পথ খুঁজছেন তিনি।
শ্বেতার ভিডিওতেই জানা গিয়েছে যে তাঁর চোখের ব্য়থা অনেকটাই বেড়েছে। তিনি চোখও ভাল করে খুলতে পারছেন না। তবে এত সমস্যা সত্ত্বেও শ্বেতা অস্ত্রোপচার নিয়ে তাঁর ভয় এবং অনীহার কথা স্পষ্ট করেছেন। অনুরাগীদের কাছে বিকল্প চিকিৎসা ব্যবস্থা রয়েছে কিনা, তাও জানতে চেয়েছেন। শ্বেতাকে শেষ দেখা গিয়েছিল রণজয় বিষ্ণুর সঙ্গে কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে। এখন আপাতত রুবেলের সঙ্গে সংসারে মন দিয়েছেন শ্বেতা।