তনুশ্রী চক্রবর্তীশনিবার বাঙালির ঘরে ঘরে পালিত হচ্ছে জামাইষষ্ঠী। জামাই আদরে ভোর থেকেই শাশুড়িরা তোড়জোড় শুরু করে দিয়েছেন। আদরের জামাইয়ের পাতে ইলিশ-মাটন-চিংড়ি, আম-লিচু সাজিয়ে দেওয়া হবে। টলিপাড়াতেও জামাইষষ্ঠী দারুণভাবে পালন করা হয়। এই বছর প্রথম জামাইষষ্ঠী অভিনেত্রী তুনশ্রী চক্রবর্তীর। তবে তিনি বিয়ের পর থেকেই বিদেশে সংসার পাতিয়েছেন। তাই অভিনেত্রী ও তাঁর স্বামীর জামাইষষ্ঠীটা একেবারে অন্যরকম।
মার্কিন যুক্তরাষ্ট্রে তনুশ্রী ও তাঁর স্বামী সুজিতের সুখের সংসার। কিন্তু শাশুড়ি মায়ের হাতে তৈরি পঞ্চব্যাঞ্জন খাওয়ার উপায় নেই তনুশ্রীর স্বামীর। তাহলে উপায়। জানা গিয়েছে, আমেরিকাতেই ভার্চুয়াল জামাইষষ্ঠী পালন হবে তনুশ্রীর স্বামীর। এক সংবাদমাধ্যমকে তনুশ্রী তাঁর এই পরিকল্পনার বিষয়ে কথা বলেছেন। তনুশ্রী জানিয়েছেন, প্রতিদিন ফোনে মা-বাবার সঙ্গে তাঁর আর সুজিতের কথা হয়। অভিনেত্রীর মায়ের আক্ষেপ তাঁর দুই মেয়ে আর দুজনেই বাইরে থাকে। কোনও জামাইকে তিনি খাওয়াতে পারছেন না।
তবে জামাইষষ্ঠীতে তনুশ্রীর মা অভিনেত্রীকেই এক গুরু দায়িত্ব সঁপে দিয়েছেন। মায়ের কড়া নির্দেশ, মেয়ে যেন নিজের হাতে রেঁধে সুজিতকে শাশুড়ির তরফ থেকে খাইয়ে দেয় এবং সেই সময় মাকে অবশ্যই ভিডিও কল করে। তবে বাদ সেধেছে সময়ের তফাত। তনুশ্রী রসিকতা করে মাকে মনে করিয়ে দিয়েছেন, আমেরিকায় যখন দুপুরের খাওয়ার সময়, কলকাতায় তখন গভীর রাত! তবে সময় মেপে ভিডিও কল হোক বা না হোক, জামাইয়ের জন্য বিশেষ কিছু রান্না বা স্পেশাল খাবারের বন্দোবস্ত যে হচ্ছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। সুজিতের পছন্দের সব বাঙালি খাবারের আয়োজন করা হয়েছে। তবে তনুশ্রী আশাবাদী, আগামী বছর মা-বাবা তাঁর কাছে আমেরিকা আসবেন, আর তখনই সামনাসামনি জমিয়ে হবে সুজিতের আসল জামাইষষ্ঠী।
এবার বিদেশের মাটিতে নতুন জীবনের প্রথম জামাইষষ্ঠী উদযাপন করতে চলেছেন তনুশ্রী। মায়ের হাতের ছোঁয়া সশরীরে না থাকলেও, ভালোবাসার আর আন্তরিকতার কমতি থাকছে না বিন্দুমাত্র। তনুশ্রী চক্রবর্তী গত বছর ২৬ নভেম্বর, ২০২৫ সালে আমেরিকার আটলান্টায় কর্মরত আইটি ইঞ্জিনিয়ার সুজিত বসু-র সঙ্গে চুপিসারে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পর বিদেশেই স্বামীর সঙ্গে সুখে সংসার করছেন অভিনেত্রী।