ঊষসী চক্রবর্তীআরজি কর কাণ্ড হওয়ার পর প্রথম থেকেই আন্দোলনের মুখ হিসাবে ছিলেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। রাত জাগা থেকে শুরু করে বিভিন্ন মিছিল-অনশনে অংশ নেওয়া তিনি সক্রিয়ভাবে ছিলেন সব জায়গাতেই। এর জন্য তাঁকে হুমকি-কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল একাধিকবার। কিন্তু দমে যাননি তিনি। যতদিন আন্দোলন চলেছে, ঊষসীকে দেখা গিয়েছে। ৯ অগাস্ট সেই আরজি কর কাণ্ডের দু'বছর। ঊষসী তাঁর সেই আন্দোলনের সাদা-কালো ছবি শেয়ার করে মনে করালেন এখনও বিচার অধরা।
ঊষসীর শেয়ার করা সাদা-কালো ছবিটি দেখলেই আরজি কর কাণ্ডের সেইসব পুরনো দিনের কথা মনে পড়ে যাবে। যে সময় পুরো শহর, রাজ্য আরজি কর নিয়ে উত্তাল হয়েছিল। এই আন্দোলনে টলিউডের যে সব মুখদের প্রথমের সারিতে দেখা গিয়েছিল, তাঁদের মধ্যে অন্যতম ঊষসী। এমনিতেই তিনি প্রতিবাদী স্বভাবের আর বাম নেতার মেয়ে হওয়ার সুবাদে মিছিল-মিটিংয়ে অংশ নিতে তাঁকে সব সময়ই দেখা যায়। ঊষসী এই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, দু বছর হয়ে গেছে। ন্যায় বিচার এখনও অধরা। আমরা কিন্তু ভুলিনি। অভয়ার খুনিদের শাস্তি চাই।
আরজি কর কাণ্ডের প্রথম দিন থেকেই সরব ছিলেন ঊষসী। পথে নেমে আমজনতার সঙ্গে মিশে প্রতিবাদের সুর চড়িয়েছিলেন। তাঁর প্রতিবাদী কণ্ঠ প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করেছিল। এর জন্য তাঁকে থ্রেট, ট্রোলড, কটাক্ষের মুখেও পড়তে হয়েছিল। এমনকী সেই সময় একটি ভুয়ো পোস্ট ঘিরেও মুশকিলে পড়েছিলেন অভিনেত্রী। আরজি কর কাণ্ড নিয়ে তাঁকে সোশ্যাল মিডিয়াতেও সোচ্চার হতে দেখা গিয়েছে। নিজের পোশাকের মাধ্যমেও তিনি প্রতিবাদী হয়েছিলেন। যদিও এতকিছুর পরও আরজি কর কাণ্ডের সঠিক বিচার হয়নি।
বাংলা সিরিয়ালের চেনা মুখ ঊষসী। যাঁকে দর্শকেরা জুন আন্টি বলেই বেশি চেনেন। শ্রীময়ী সিরিয়ালে তাঁর নেগেটিভ চরিত্রটি এখনও দর্শকদের কাছে সমানভাবে জনপ্রিয়। সোশ্যাল মিডিয়াতেও ঊষসী অ্যাক্টিভ। সম্প্রতি বাবা শ্যামল চক্রবর্তীকে নিয়ে পোস্ট করেছিলেন অভিনেত্রী। যেখানে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালকে কাঠগড়ায় তোলেন ঊষসী। হাসপাতালের গাফিলতিতেই বাম নেতার মৃত্যু হয়েছে বলে দাবিও করেন তিনি।