মে-জুনে কটা বাংলা ছবি মুক্তি পাবে?বাংলা জুড়ে ভোটের আবহাওয়া। যার প্রভাব পড়েছে বাংলা সিনেমার ওপর। এপ্রিল মাসের ২৩ ও ২৯ তারিখ বিধানসভা নির্বাচন। আর এই মাসে মাত্র একটি বাংলা ছবি মুক্তি পেয়েছে। ১৪ এপ্রিল, পয়লা বৈশাখের দিন মুক্তি পায় অর্জুন দত্তের 'বিবি পায়রা'। যদিও নির্বাচনের মাসে হলে দর্শকদের ভিড় তুলনামূলকভাবে কম ছিল। এপ্রিলে আর কোনও বাংলা ছবি মুক্তি না পেলেও মে-জুন মাসে বেশ কিছু ছবি মুক্তি পাওয়ার তালিকায় রয়েছে। আসুন দেখে নিই কোন কোন ছবি মুক্তি পেতে চলেছে।
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা ৪ মে। আর তারপরই বেশ কিছু বাংলা ছবি মুক্তি পেতে চলেছে। বছরের প্রথমভাগে বাংলা ছবির সামগ্রিক ফল ভালো না হওয়ার কারণে, মে আর জুন মাসে ছবি মুক্তির তেমন ভিড় এখনও চোখে পড়ছে না। জানা যাচ্ছে, ১৫ মে 'সপ্তডিঙার গুপ্তধন' মুক্তি পাবে। আবির-ইশা-অর্জুনের সোনাদা সিরিজ বরাবরই দর্শকদের মন জয় করেছে। এবারেও সেই ম্যাজিক হয় কিনা দেখার অপেক্ষায়। এরপর ২৯ মে আসছে 'ফুলপিসি ও এডওয়ার্ড'। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় এই ছবিতে দেখা যাবে সোহিনী সেনগুপ্ত, রাইমা সেন, শ্যামৌপ্তি মুদলি, অনন্যা চট্টোপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মতো একাধিক নামী মুখকে। একই দিনে মুক্তি পাবে পৃথা চক্রবর্তী পরিচালিত 'ফেরা' ছবিটি।
সোনা যাচ্ছিল, মে মাসের শেষেই জিৎ-এর 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত' মুক্তি পাবে। নায়কের তরফে ঘোষণা করে বলা হয়েছিল ২৭ মে মুক্তি পাবে এই ছবি। তবে এখন শোনা যাচ্ছে, মে মাসে এই ছবি মুক্তি নাও পেতে পারে। এই ছবির প্রযোজকের সঙ্গে নায়কের কিছু মতবিরোধ হয়েছে বলে টলিপাড়ায় চর্চা। তাই জিতের ছবি মুক্তি নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই সময় দেবের কোনও ছবি মুক্তি পাচ্ছে না। তাই মে মাসে বলা চলে মাত্র দুটো ছবি মুক্তি পাওয়ার তালিকায়।
এবার চলে আসা যাক জুন মাসে। না, এই মাসেও প্রচুর ছবি মুক্তির কোনও আশা নেই। জুন মাসের ১৮ তারিখ ইন্দ্রদীপ দাশগুপ্তর পরিচালনায় ‘অভিমান’ ছবিটা মুক্তি পাবে বলে খবর। সূত্রের খবর, মে-জুন মাসে আরও কিছু বাংলা ছবি মুক্তি পেতে পারে। তবে এখনও কোনও প্রযোজনা সংস্থা বিষয়টি নিশ্চিত করেনি। তবে মে-জুন মাসের পর বেশ কয়েকটি বাংলা ছবি মুক্তি পাবে বলে আশা করা যাচ্ছে।