হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে স্ত্রী ঋতিকাচলতি বছরের গোড়াতেই হিরণ চট্টোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে নিয়ে তোলপাড় হয় রাজ্য-রাজনীতি। সেই সময় অনেকেই ভেবেছিলেন হয়তো ছাব্বিশের নির্বাচনে তাঁকে বিজেপি থেকে টিকিট দেওয়া হবে না। তবে বিজেপির দ্বিতীয় প্রার্থী ঘোষণার সময়ই জানা যায় হাওড়ার শ্যামপুর বিধানসভা কেন্দ্র থেকে দাঁড় করানো হবে খড়গপুরের বিদায়ী বিধায়ককে। দলকে নিরাশ করেননি হিরণ। শ্যামপুর বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী মাচো মস্তানা। আর এই সাফল্য ভাগ করে নিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরির সঙ্গে।
৪ মে সকাল থেকেই হিরণের সঙ্গে ছিলেন ঋতিকা। আর হিরণ জয়ী হতেই উচ্ছ্বাসে ভাসলেন তাঁর দ্বিতীয় স্ত্রী। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে, হিরণের সঙ্গে ঋতিকাও বিজেপি কর্মীদের সঙ্গে গেরুয়া আবির খেলছেন। এখানেই শেষ নয়, হিরণের সঙ্গে ছবিও শেয়ার করেন তিনি। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, হালকা ঘিয়ে রঙের শাড়ি আর হাতে লাল চুড়ি পরে রয়েছেন তিনি। হিরণের সঙ্গে সঙ্গেই তাঁকে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ঋতিকা। তবে বিয়ের পর একসঙ্গে ছবি পোস্ট করতে দেখা যায়নি ঋতিকাকে। দ্বিতীয় দফা ভোটের কিছুদিন আগে প্রথম ছবি পোস্ট করেছিলেন হিরণের স্ত্রী। এবার হিরণ জিততেই ফের তাঁর সঙ্গে একফ্রেমে দেখা গেল স্ত্রী ঋতিকাকে।
হিরণ জয়ী হওয়ার পর তাঁর দ্বিতীয় স্ত্রী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে এই জয় তাঁদের একার জয় নয়। তিনি কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব নন। তিনি বিজেপিকে সাপোর্ট করেন। এর আগেও হিরণ প্রার্থী হওয়ার পর ঋতিকা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে পোস্ট করেন। ডিজিটালি ভোটও চান হিরণের হয়ে। যদিও এখনও তাঁদের বিয়ে বৈধ নয়, কারণ হিরণের প্রথম স্ত্রী অনিন্দিতার সঙ্গে ডিভোর্স হয়নি। তবে হিরণ এখন ঋতিকার সঙ্গেই থাকেন।
হিরণ-ঋতিকার বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই অভিযোগ দায়ের করেছিলেন অভিনেতা-বিধায়কের প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। তবে হিরণ আদালতে আগাম জামিনের আবেদন করেছিলেন। সেই আবেদন মঞ্জুর করে দেয় আদালত। নির্বাচনী হলফনামায় হিরণ অবশ্য তাঁর প্রথম স্ত্রীর নামই উল্লেখ করেছিলেন। যদিও (সেপারেটেড) লেখা ছিল। হিরণের জয়ে খুশি তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতাও। তবে সেটা হিরণের মেয়ের মা হিসাবে। ২০২৬-এর জানুয়ারি থেকেই বিতর্কে হিরণের নাম। বারাণসীর ঘাটে ঋতিকার সঙ্গে বিয়ের ছবি নিজেই সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন হিরণ। সেখান থেকেই শুরু বিতর্কের। আইনি বিচ্ছেদ না হওয়া সত্ত্বেও বিয়ে কী করে করেন? এই প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল হিরণকে।