ঊর্মিলা ও তাঁর স্বামীবলিউডে রোজই সম্পর্কের ভাঙা-গড়া চলতেই থাকে। কারোর বিয়ের খবরে বি-টাউনে খুশির হাওয়া তো কারোর বিচ্ছেদের খবরে হতাশ হন অনেকেই। এবার সেই ডিভোর্সের রাস্তায় হাঁটতে চলেছেন অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। অভিনেত্রী বিয়ের ৮ বছর পর স্বামী মহসিন আখতার মীরের সঙ্গে ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ২০১৬ সালে নিজের থেকে ১০ বছরের ছোট মহসিনকে বিয়ে করেন ঊর্মিলা। ৮ বছর পর সেই দাম্পত্যে চিড় ধরেছে আর ডিভোর্স চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন নাকি ঊর্মিলা। অভিনেত্রী এই মুহূর্তে নিজের কাজ ও সিনেমায় কামব্যাক করার দিকে মনোযোগ দিতে চাইছেন।
সূত্রের খবর, ঊর্মিলা ও মহসিন বেশ কিছু সময় ধরে একসঙ্গে থাকছেন না। যদিও এই ডিভোর্স নিয়ে মহসিন বা ঊর্মিলা দুজনের কেউই মুখ খুলতে চাইছেন না। ২০১৬ সালে ঊর্মিলা ও মহসিন বিয়ে করেন। এই দুজনের পরিচয় ডিজাইনার মণীল মালহোত্রা করিয়ে দিয়ছিলেন। কারণ মণীষ এই দুজনেরই বন্ধু ছিলেন। রিপোর্টে মুম্বই আদালতের এক সূত্র মারফৎ জানা গিয়েছে যে ঊর্মিলা অনেক ভেবেচিন্তে মহসিনের সঙ্গে তাঁর বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন।
ঊর্মিলা নাকি ইতিমধ্যেই ডিভোর্সের আর্জি জানিয়েছেন। তবে কেন অভিনেত্রী তাঁর স্বামীর সঙ্গে ডিভোর্স নিতে চাইছেন সেই কারণ জানা যায়নি। তবে শোনা যাচ্ছে যে এই ডিভোর্স দুজনের সম্মতিতেই হতে চলেছে। যদিও আসল কারণ এখনও কিছু জানা যায়নি। শিশুশিল্পী হিসেবে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন ঊর্মিলা। তার পর নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। ‘রঙ্গিলা’, ‘জুদাই’, ‘খুবসুরত’, ‘জঙ্গল’, ‘এক হাসিনা থি’র মতো বহু হিট সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সিনেমার সঙ্গে ঊর্মিলার দূরত্ব বাড়ে। শেষ ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘ব্ল্যাকমেল’ সিনেমায় অভিনেত্রীকে দেখা গিয়েছিল, তাও আবার ক্যামিও চরিত্রে।
২০১৬ সালে কাশ্মীরি ব্যবসায়ী তথা মডেল মহসিন আখতার মীরকে বিয়ে করেন ঊর্মিলা। খুব ব্যক্তিগত পরিসরে এই বিয়ে সারেন মহসিন-ঊর্মিলা। তাঁদের মধ্যে ১০ বছরের বয়সের তফাৎ রয়েছে। গত ৮ বছর ধরে মহসিন-ঊর্মিলা একসঙ্গে সংসার করেছেন, তবে তাঁদের একসঙ্গে প্রকাশ্যে খুবই কম দেখা গিয়েছিল। যদিও এই মহসিন আখতার মীর আসলে কে তা খুব কম লোকই জানেন। শোনা যাচ্ছে, বহুদিন ধরেই ঊর্মিলা ও মহসিন আলাদা থাকেন। তবে এবারে আট বছরের দাম্পত্য শেষ করতে চান অভিনেত্রী। একই সঙ্গে সিনেমায় কামব্যাক করতে চান তিনি।
প্রসঙ্গত, সিনেমা থেকে দূরে সরার পর রাজনীতিতে পা রেখেছিলেন ঊর্মিলা। কংগ্রেসে যোগ দিয়েছিলেন তিনি। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে মুম্বই নর্থ কেন্দ্রে প্রার্থীও হয়েছিলেন। কিন্তু হেরে যান বলিউডের ‘ছম্মা ছম্মা’ গার্ল। ২০২০ সালের শেষে তিনি কংগ্রেস ছেড়ে শিব সেনায় যোগ দেন।