সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার-কন্টেন্ট ক্রিয়েটর ‘ননসেন’ তথা শমীক অধিকারীবাংলার জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার-কন্টেন্ট ক্রিয়েটর ‘ননসেন’ তথা শমীক অধিকারীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। তাঁর বিরুদ্ধে অভিযোগ আনলেন তাঁরই বান্ধবী। শারীরিক ও যৌন হেনস্তার অভিযোগ জানিয়ে বেহালা থানায় এফআইআর দায়ের করেছেন তাঁর প্রেমিকা। এই ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
পুলিশকে অভিযোগে ওই তরুণী জানিয়েছেন, গত ২ ও ৩ ফেব্রুয়ারি বেহালার ফ্ল্যাটে জোর করে আটকে রাখা হয়। রাত সাড়ে ন'টা নাগাদ ঘটনাটি ঘটে। তারপর চলে অমানবিক শারীরিক ও যৌন অত্যাচার। তাঁর পোশাক টেনে ছিঁড়ে দেওয়া হয়। অনুচিতভাবে স্পর্শ করা হয়। বুধবার কোনও মতে পালিয়ে বাঁচেন অভিযোগকারিণী এমনটাও জানা যায়।
এই অভিযোগ সামনে আসতেই পাল্টা মুখ খোলেন শমীক। তিনি দাবি করে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন একটি অভিযোগ। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তিনি জানান, প্রেমিকার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কে রয়েছেন। দু’দিন আগে দু'জনের মধ্যে অশান্তি হয়। তাঁর ওপর মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
'ননসেন' শমীকের একটি শর্ট ভিডিও ‘বাটন’ কিছুদিন আগেই ভাইরাল হয়। তাতে তিনি রাজ্য সরকারের সমালোচনা করেছিলেন। শমীকের বিরুদ্ধে এই অভিযোগ আসতেই তাঁর বিরোধিতায় সরব হন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল সেই স্মৃতি উসকে মন্তব্য করেন, দিন কয়েক আগে এই ইনফ্লুয়েন্সারই বলেছিলেন রাজ্যের মেয়েরা সুরক্ষিত নয়, তৃণমূলকে ভোট দেবেন না।
সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, পুলিশ তাঁর ফ্ল্যাটে হানা দিয়েছিল। বাবা-মাকে নিয়ে এখনও পর্যন্ত নিখোঁজ শমীক।