পরীমণিপদ্মাপারের ডাকসাইটে সুন্দরী অভিনেত্রী পরীমণি আর্জেন্টিনার বিশাল বড় ফ্যান সেটা আগেই নায়িকা ফলাও করে জানিয়েছিলেন। মেসির জন্য তাঁর উন্মাদনা যে অনেক বছর ধরে, তা ইতিমধ্যেই তাঁর সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে জানা গিয়েছে। কদিন আগেই পরী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ঘোষণা করেছিলেন যে আর্জেন্টিনা জিতলে তিনি আবার একটা বিয়ে করবেন। কিন্তু রবিবার ভোররাতে পরীর সেই বিয়ে করার স্বপ্ন একেবারে দুমড়ে মুচড়ে গেল। কারণ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা হেরে গিয়ে পরীকে আরও একটি বিয়ে করা থেকে বাঁচিয়ে দিল।
এমনিতে পরীমণির বিয়ে ও সম্পর্ক নিয়ে চর্চা কম নয়। কেউ বলেন পাঁচটা আবার কেউ বলেন ৬টা বিয়ে করেছেন পরী। যদিও নায়িকা তাঁর বিয়ে কটা, এই নিয়ে কোনওদিনই কিছু খোলসা করে বলেননি। ২০২২ সালে বিয়ে সেরেছিলেন শরিফুল রাজ ও পরী। কিন্তু সেই বিয়ে সুখের ছিল না। শরিফুলের সঙ্গে বিয়ে ভাঙার পর নায়িকা নিজেকে সিঙ্গল বলে দাবি করলেও, তাঁর সম্পর্কের গুঞ্জন শোনা যায় বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে। আর এরই মাঝে আর্জেন্টিনা জয়ী হলে তিনি আবার বিয়ে করবেন, এই ঘোষণা করার পর অনেকেই ভেবেছিলেন হয়তো আবার বিয়ের পিঁড়িতে বসার তোড়জোড় করছেন নায়িকা।
কিন্তু আর্জেন্টিনার হারের পর পরী জানিয়ে দিলেন যে তাঁর আর বিয়ে করা হলো না। প্রিয় দলের এই হৃদয়বিদারক হারের পর নিজের সেই বহুল চর্চিত ‘বিয়ের বাজি’ এবং দল নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করলেন ঢালিউড কুইন। পরী লিখলেন, বিয়েটা আর করতে হলো না এই আর কী। ভালোবাসার আর্জেন্টিনা আবার দেখা হবে। ফাইনালে ট্রফি হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই পরিমণির নতুন করে ছাদনাতলায় বসার জল্পনাতেও জল পড়ে গেল। প্রসঙ্গত, পরীর আর্জেন্টিনার প্রতি এই ভালোবাসা অনেক ছোট বয়স থেকেই। বিশ্বকাপ শুরু হওয়ার পর থেকেই তিনি আর্জেন্টিনাকে সমর্থন করে চলেছেন। ভাঙা পা নিয়েও রাত জেগে নিজের প্রিয় দলের ম্যাচ দেখতে ভোলেন নি পরী।
বিয়ে করার ঘোষণা যখন করেছিলেন, তখন অসংখ্য বিয়ের প্রস্তাব পেয়েছেন নায়িকা। তবে বর্তমানে বিয়ে করা নিয়ে তেমন কোনও ইচ্ছে প্রকাশ করেননি পরী। তিনি এক বাংলাদেশের সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে উপযুক্ত সময় ও পরিস্থিতি তৈরি হলে তিনি বিয়ে নিয়ে সিদ্ধান্ত নেবেন। প্রসঙ্গত, ছেলে পুণ্যকে সাথে নিয়ে আর্জেন্টিনার জার্সি গায়ে পুরো টুর্নামেন্ট জুড়ে যেভাবে গলা ফাটিয়েছেন পরিমণি, এই হার ওঁর কাছে অত্যন্ত যন্ত্রণাদায়ক হলেও তিনি বিশ্বাস করেন, নীল-সাদা ব্রিগেড আবার ঘুরে দাঁড়াবে এবং চেনা ছন্দে মাঠে ফিরবে। এদিন স্পেনের কাছে ১-০ গোলে হেরে চতুর্থবার বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হল আর্জেন্টিনার।