তানজিন তিশা (ছবি: ফেসবুক)শিরোনামে তানজিন তিশা। বাংলাদেশী অভিনেত্রীর বিরুদ্ধে উঠল সহ অভিনেত্রীকে মারধরের অভিযোগ। শ্যুটির সেটেই সকলের সামনে ঘটেছে এই অদ্ভুত ঘটনা। ফেসবুক লাইভে এসে তিশার বিরুদ্ধে অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়েন অভিনেত্রী সামিয়া অথৈ। যার পর থেকে ঢালিউডের সিনে দুনিয়ায় জোর চর্চা চলছে।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মানিকগঞ্জের একটি শ্যুটিং চলাকালীন এই ঘটনা ঘটেগ। সামিয়াকে মারধর করেন তিশা। এমনকী, অথৈকে খামচে দেন বলে অভিযোগ। সামিয়া অথৈ বলেন, "একটি দৃশ্যে সহশিল্পী তানজিন তিশাকে আমার চড় মারার দৃশ্য ছিল। গল্পে তিশার চরিত্রটি পাগলের। পরিচালক আমাকে বুঝিয়ে দিয়েছেন চড় মারার দৃশ্যটি। আমি একদমই আলতোভাবে তাঁকে চড় মারি। কিন্তু ঘটনার পরেই তিশা আপুর মতো সিনিয়র শিল্পী আমাকে পাল্টা চড় মেরেছেন। শুধু তা–ই নয়, শ্যুটিংয়ে সবার সমানে একের পর এক মেরেছেন।"
তিনি আরও বলেন, "গতকালও একটি দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে হাতে আঘাত দিয়েছেন। আমি কিছু বলিনি। আজ আবার এমন ঘটনা কোনওভাবেই মানতে পারছি না। তিনি সিনের মধ্যেই আমাকে মেরেছেন, মেরে গাল ফুলিয়ে দিয়েছেন। আমার চোখ ফুলে গেছে। আমার জীবনে শ্যুটিংয়ে এমন অভিজ্ঞতা কখনও হয়নি। আমি এ ঘটনার বিচার চাই।"
অথৈয়ের কথায়, "আমি জানি না উনি নেশাগ্রস্ত ছিলেন কি না। কারণ ওঁর গা দিয়ে বিশ্রী গন্ধ বেরোচ্ছিল। উনি মানিকগঞ্জে আসার পর থেকে স্নানঘরে নিজেকে আটকে রাখতেন। কী করতেন কে জানে! আমার জীবনে শ্যুটিংয়ে এমন অভিজ্ঞতা কখনওই হয়নি। আমি এ ঘটনার বিচার চাই।"
শোনা যাচ্ছে, এই ঘটনার শুরু মূলত একটি উপহারকে কেন্দ্র করে। শ্যুটিংয়ে আগে তিশার জন্য একটি উপহার নিয়ে যান সামিয়া। তিশা সেই উপহার গ্রহণ করতে অস্বীকার করেন এবং অসৌজন্যমূলক আচরণ করেন। যদিও এই ঘটনার পর নাকি নীরব ছিলেন সামিয়া। এরপর, চিত্রানাট্য অনুযায়ী, তিশাকে থাপ্পড় মারার কথা অভিনেত্রীর। তার দাবি, তিশাকে নাকি একেবারে আলতো হাতে থাপ্পড় দেন তিনি। তবে, তাতেই তিশা রেগে গিয়ে এলোপাথারি মারতে শুরু করেন অথৈকে। মারতে মারতে হাতে খামচে দিয়ে রক্ত বের করে দেন বলে অভিযোগ। এমনকী, মারের চোটে অভিনেত্রীর কানের দুল নাকি ছিটকে বেরিয়ে যায়।