
বরখা-আশিসের রোম্যান্সবেশ অনেকদিনই হল অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে ডিভোর্স হয়েছে বরখা বিস্তের। অতীতের তিক্ত অভিজ্ঞতাকে পিছনে ফেলে বরখা ও ইন্দ্রনীল দুজনেই নিজেদের ব্যক্তিগত জীবনে এগিয়ে গিয়েছে। মেয়ে মায়রার দায়িত্ব অবশ্য দুজনে একসঙ্গে মিলেই পালন করে। তবে ডিভোর্সের পর আর সিঙ্গল নেই বরখা। অভিনেত্রী তাঁর সঙ্গীকে খুঁজে নিয়েছেন। প্রথম প্রথম বিষয়টি গোপনে রাখলেও এখন পুরোটাই খুল্লাম খুল্লা। অভিনেতা-প্রযোজক আশিস শর্মার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বরখা। এবার মেয়ে ও প্রেমিককে নিয়ে রোমে ভ্যাকেশন কাটাচ্ছেন বরখা।
'পাওয়ার কাপল' হিসাবে পরিচিত ছিলেন বরখা ও ইন্দ্রনীল। তাঁরা যেমন চুটিয়ে প্রেম করেছেন তেমনি বিয়ের পর সংসারটাও করেছেন জমিয়ে। প্রায় ১৪ বছরের দাম্পত্য জীবন বরখা ও ইন্দ্রনীলের। কিন্তু হঠাৎ করেই সেই দাম্পত্যে ফাটল দেখা যায়। টলিপাড়ার অন্দরের গুঞ্জন, ইন্দ্রনীল ও বরখার জীবনে তৃতীয় ব্যক্তির আগমনের কারণে ফাটল ধরে তাঁদের দাম্পত্যে। প্রায় ৫ বছর হতে চলল বরখা ও ইন্দ্রনীলের ছাদ আলাদা হয়েছে। অভিনেতা নিজেকে সিঙ্গল বলে দাবি করলেও, বরখা কিন্তু এখন আর সিঙ্গল নন। অভিনেতা-প্রযোজক আশিস শর্মার সঙ্গে নতুন সম্পর্ক শুরু করেছেন। মাঝে মধ্যেই তাঁদের একসঙ্গে সময় কাটাতে দেখা যায়।

মেয়ে মায়রা ও আশিসের সঙ্গে রোমের অলিতে-গলিতে ঘুরে বেড়াচ্ছেন বরখা। বিদেশ থেকে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। যেখানে বরখাকে দেখা গিয়েছে লাল রঙের লং স্লিভলেস গাউনে। মেয়ে মাযরার সঙ্গে পোজ দিয়ে যেমন ছবি তুলেছেন, তেমনি প্রেমিকের সঙ্গেও রোম্যান্টিক হয়ে ছবি তুলেছেন বরখা। একেবারে খোলামেলা প্রেম বরখা ও আশিসের। অভিনেত্রী যে মেয়ে ও প্রেমিকের সঙ্গে দারুণভাবে ভ্যাকেশন এনজয় করছেন তা বলাই বাহুল্য। ২০২৪ সালে বরখা তাঁর জন্মদিনের দিন প্রথম আশিসের সঙ্গে ছবি পোস্ট করেন। সেই সময় পাটায়াতে তাঁর বার্থডে সেলিব্রেশন হয়। আর সেখানেই বরখার সঙ্গে দেখা যায় আশিসকে।

চলতি বছরের দোলেও আশিসের বাড়ির হোলি পার্টিতে দেখা মেলে বরখার। চর্চিত প্রেমিকের সঙ্গে রং খেলেন অভিনেত্রী। প্রসঙ্গত, বরখার সঙ্গে আলাদা হওয়ার খবরের পাশাপাশি এটাও শোনা গিয়েছিল যে ইন্দ্রনীলের সঙ্গে ইশা সাহার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। আর সেই কারণেই বরখা-ইন্দ্রনীলের ১৪ বছরের দাম্পত্যে চিড় ধরে। যদিও ইশা এবং ইন্দ্রনীল দুজনেই বিষয়টি নিয়ে কোনও মন্তব্য কখনও করতে চাননি। খাদান ছবিতে বরখাকে বহুদিন পরে বাংলা ছবিতে দেবের সঙ্গে দেখা যায়। এই মুহূর্তে অনুপমা সিরিয়ালে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বরখা।