অক্ষয়ের নায়িকা হবেন রুক্মিণীদেশু৭ নিয়ে ব্যস্ত দেব। প্রাক্তন শুভশ্রীকে সঙ্গে নিয়ে দেব এখন ছবির প্রচার-ফটোশ্যুট, লাইভ নিয়ে ভীষণ ব্যস্ত। বেশ কয়েকমাস ধরে দেবের পাশে দেখা নেই তাঁর বর্তমান প্রেমিকা তথা নায়িকা রুক্মিণী মৈত্রের। যদিও দেব-প্রেয়সী এখন মায়ানগরী মুম্বইয়ের বাসিন্দা। মাঝে মধ্যে কলকাতায় আসেন। দেশু৭ নিয়ে যখন বাংলা ইন্ডাস্ট্রি তোলপাড়, ঠিক তখনই সুখবর শোনালেন রুক্মিণী। বলিউডে বড় ব্রেক পেলেন নায়িকা। বি-টাউনের জনপ্রিয় এই সুপারস্টারের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন দেবের প্রেমিকা।
শোনা যাচ্ছে, অক্ষয় কুমারের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রুক্মিণী। আর সেটা হলে এটা নায়িকার কেরিয়ারের বড় ব্রেক হতে পারে। দেব-শুভশ্রীর দেশু৭ নিয়ে উচ্ছ্বাসের মাঝেই খিলাড়ি অক্ষয়ের সঙ্গে জুটি বাঁধছেন রুক্মিণী। এই খবর শোনার পর দর্শকদের মধ্যে ডাবল উত্তেজনা। কোন সিনেমাতে অক্ষয়ের নায়িকা হচ্ছেন রুক্মিণী? জানা গিয়েছে, পরবর্তী সায়েন্স-ফিকশন ছবি ‘সামুক’-এর মুখ্য ভূমিকায় অভিনয়ের জন্য প্রস্তাব গিয়েছে রুক্মিণীর কাছে। অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমার প্রযোজনায় সানশাইন পিকচার্স-এর বিপুল শাহ এবং যৌথ প্রযোজক হিসেবে রয়েছেন আশিন শাহ।
যদিও রুক্মিণীর বলিউডে ডেবিউ আগেই হয়ে গিয়েছে বিপুল শাহ প্রযোজিত ‘সনক’ সিনেমার মাধ্যমে। সূত্রের খবর, পরিচালক কনিষ্ক ভার্মা ইতিমধ্যেই ছবির শ্যুটিং শুরু করেছেন ব্রিটেনে। অক্ষয়ের বিপরীতে নায়িকা হিসাবে কাজ করা রুক্মিণীর অভিনয় কেরিয়ারে বড় সাফল্য বললে অত্যুক্তি হবে না। বেশ বড় পরিসরে তৈরি হচ্ছে ‘সামুক’। কল্পবিজ্ঞান ভিত্তিক যে সিনেমার গল্পে ফুটে উঠবে টিকে থাকার লড়াই। পাশাপাশি মারকাটারি মারপিটের দৃশ্যও উপহার পাবেন দর্শক। আর খিলাড়ি মানেই ক্ষুরধার অ্যাকশন ছবি।
অক্ষয়ের সঙ্গে রোম্যান্টিক দৃশ্যেও যে রুক্মিণী থাকবেন, তা বলাই বাহুল্য। জানা যাচ্ছে, নির্মাতারা ‘সামুক’-এর জন্য এমন কাউকে খুঁজছিলেন যিনি পর্দায় বলিষ্ঠ উপস্থিতির পাশাপাশি তীব্র আবেগঘন দৃশ্যেও সাবলীলভাবে অভিনয় করতে পারবেন। আর সেকারণেই বিদ্যুৎ জামওয়ালের ‘সনক’ নায়িকাকে বেছে নিয়েছেন নির্মাতারা। রুক্মিণীর পরবর্তী বাংলা ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদা-তে দেবের সঙ্গে জুটি বাঁধবেন রুক্মিণী। সব মিলিয়ে রুক্মিণী এবার বলিউডেও পা জমিয়ে ফেললেন তা বলাই চলে।