
বিগ বস বাংলাঝগড়া-অশান্তির মাঝেই বিগ বস বাংলা সিজন ৩-এর ঘরে প্রেম প্রেম একটা বিষয় শুরু হয়েছে। গত সপ্তাহে বিগ বস-এর ঘরে ওয়াইল্ড কার্ড এন্ট্রি হিসাবে ঢুকেছেন রাজবীর দে। আর সেই মডেল-অভিনেতার সঙ্গে এক বিশেষ সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী নন্দিনী দত্ত। তাঁদের মিষ্টি আড্ডা আবার কখনও বা মান-অভিমান, বাড়ির অন্য সদস্যদের নজর এড়ায়নি। এই মুহূর্তে সায়কের সঙ্গে বেড শেয়ার করছেন রাজবীর। তবে মাঝে মধ্যেই তাঁকে নন্দিনীর বিছানায় গিয়ে গল্প করতে দেখা যায়। সেরকমই এক বিশেষ মুহূর্ত ধরা পড়ল সায়কের চোখে। যা বাড়ির অন্যান্য সদস্যদের রসিয়ে বললেন জনপ্রিয় ইউটিউবার।
রাজবীর ও নন্দিনীর মধ্যে ঠিক কী চলছে? প্রেম নাকি শুধুই গাঢ় বন্ধুত্ব? এই নিয়েই এখন জোর চর্চা অন্দরমহলে। আর সেই গোপন রোম্যান্সের হাঁড়ির খবরই এবার সক্কলের সামনে ফাঁস করে দিলেন সায়ক। রবিবার সকালে চলছে জমজমাটি আড্ডা। সায়কের চারপাশে তখন গোল হয়ে বসে সোনামণি, ঝিলম, তনুশ্রী, আলেকজান্দ্রা, সৃজলা ও সোহিনী। সেখানেই গত রাতের রাজবীর-নন্দিনীর বিশেষ মুহূর্তটি রসিয়ে রসিয়ে বলতে শুরু করেন সায়ক। সায়ককে বলতে শোনা যায়, নন্দিনী শুয়েছিল, রাজবীর এল, পায়ের কাছে বালিশটা রাখল আর শুয়ে পড়ল। নন্দিনী তখন বলল, ‘শোনো, এরকম পায়ের কাছে মাথা রাখলে কিন্তু আমি শোব না, উঠে যাব।’ তখন রাজবীর নন্দিনীর দিকে মাথা করে শুল। তারপর বারবার মাথায় হাত দেয় নন্দিনী। সায়ক জানিয়েছেন যে দুজনের মধ্যে ফিসফিস করে দীর্ঘক্ষণ কথাও হতে থাকে।

পুরো দৃশ্যটাই নিজের বেড থেকে কম্বলের তলা থেকে চুপিচুপি দেখছিলেন সায়ক। আচমকাই রাজবীরের চোখ পড়তেই সায়ক আর কোনও ঝুঁকি না নিয়ে ঘুমের ভান করেন। তবে এখানেই শেষ নয়, সায়ক জানান, কিছুক্ষণ পর তিনি অদ্ভুত একটা ‘খচর-খচর’ শব্দ শুনতে পান। চোখ খুলে দেখেন, রাজবীর মেঝেতে শুয়ে আছেন। সায়কের কথার রেশ টেনে সৃজলাও জানান, তিনিও রাজবীরকে মেঝেতে শুয়ে নড়াচড়া করতে দেখেছেন। এরপরই সায়কের পাশে এসে হঠাৎ করেই রাজবীর বলেন, এটা আমার নতুন ভার্সন। গভীর রাতের এই রোম্যান্স আর মেঝেতে শোওয়ার কাণ্ড শুনে হাসিতে ফেটে পড়েন উপস্থিত সকলেই।
বিগ বস-এর বাড়িতে রাজবীর ও নন্দিনীর এই মাখো মাখো ব্যাপার দর্শকদের বেশ পছন্দের। কখনও নন্দিনীকে জড়িয়ে ধরছেন রাজবীর আবার কখনও বা বেডে শুয়ে তাঁদের দীর্ঘক্ষণের আড্ডা, আবার কখনও দাদার দরবারে রাজবীর-নন্দিনীর রোম্যান্টিক ডান্স, সবটাই দর্শকেরা ভীষণভাবে উপভোগ করছেন। রবিবার বিগ বস থেকে বিদায় নেন জয়িতা আর নতুন ওয়াইল্ড কার্ড হিসাবে এন্ট্রি নিয়েছেন জিতু কমল। সোমবার আর কী কী হয়, তার জন্য অবশ্যই নজর রাখতে হবে বিগ বস বাংলার ঘরে।