শেষ পর্যন্ত কে জিতবে টিকিট টু ফিনালেএকেই বলে বিগ বস-এর খেলা। কখন কার সমীকরণ বদলে যায়, তা বোঝা বড় মুশকিল। মঙ্গলবারের পর্বে অন্তত সেরকমটাই মনে হল। বিগ বস-এর বাড়িতে শুরু হয়েছে টিকিট টু ফিনালে পর্ব। আর টাস্ক শুরু হতেই বিগ বস-এর বাড়ির সদস্যদের বন্ধুত্ব, বিশ্বাস সব এক ঝটকায় ভেঙে গেল। এমনিতেই বাড়ির মধ্যে জিতু ও সৃজলা একদিকে থাকেন আর বাড়ির অন্য সদস্যরা অন্যদিকে। আর মঙ্গলবারের টাস্কে হঠাৎ করেই সব কিছু কেমন যেন ওলট পালট হয়ে গেল।
সোমবার তনুশ্রী ও রণিতা নমিনেটেড হওয়ার ফলে তাঁরা টিকিট টু ফিনালেতে অংশ নিতে পারেননি। মঙ্গলবার প্রথম টাস্ক ছিল সদস্যদের কাছে ১০০ কয়েন থাকবে এবং সেই কয়েনগুলো ব্যাবহার করে তাঁরা বেশ কিছু স্যুটকেসে রাখা অ্যাডভানটেন্স-ডিসঅ্যাডভানটেন্স পাবেন। সেই অনুযায়ী দুর্নিবার, মনামী ও সৃজলা অ্যাডভানটেন্স পান এবং জিতু ও সৌরভ ডিসঅ্যাডভানটেন্স। এরপরই আসল টাস্ক শুরু হয়। যেখানে রিং-এর মধ্যে থাকা সদস্যদের নাম লেখা বোর্ডগুলোকে রক্ষা করতে হবে এবং অন্য সদস্যরা তা ভাঙার চেষ্টা করবে।
এই খেলায় দুর্নিবার, সৌরভ, নিরঞ্জন, মনামী ও রাজবীর প্রথমেই ঠিক করেছিলেন যে জিতু ও সৃজলাকে এই টাস্ক থেকে আউট করে দেবেন। কিন্তু খেলা শুরু হতেই সব সমীকরণ বদলে গেল। রাজবীর হঠাৎ করে সকলের বক্স ভাঙতে শুরু করে দিল। এমনকী নিরঞ্জনকে প্রতিশ্রুতি দিয়েও সেই কথা রাখলেন না রাজবীর। শেষ পর্যন্ত টিকিট টু ফিনাল-এর পরের টাস্ক-এ যাওয়ার জন্য জয়ী হলেন জিতু, সৃজলা, মনামী ও সৌরভ। আর আউট হয়ে গেলেন নিরঞ্জন, দুর্নিবার ও রাজবীর। এরপরই জিতু ও সৃজলা বাদে বাড়ির অন্যান্যরা রাজবীরকে কটাক্ষ করতে শুরু করে দেন। যদিও চুপ থাকার ছেলে রাজবীর নন। তিনিও জানান যে সৃজলা ও জিতুকে আউট করে দেওয়ার পর সদস্যদের পরবর্তী টার্গেট সে ছিল। বাড়ির পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে এই বাকবিতণ্ডায়।
রাজবীর প্রথম থেকেই টাস্কে জিতুকে সমর্থন করে এসেছেন। তবে তিনি সৃজলার জন্যও যে খেলবেন, তা বাড়ির অনেক সদস্যই ভাবতে পারেননি। আসলে বিগ বস বাংলার ফাইনাল ডে যত এগিয়ে আসছে, ততই হাউসমেটদের খেলার সমীকরণও বদলাচ্ছে। আজ যে বন্ধু কালই সে শত্রুতে পরিণত হচ্ছে। এখন দেখার পালা ঠিক কারা কারা বিগ বস-এর টাস্ক জিতে টিকিট টু ফিনালেতে যেতে পারছেন।