সৃজলা গুহ'বিগ বস'-এর ঘরে প্রতিদিনই কিছু না কিছু ঘটছে। প্রতিযোগীদের মধ্যেকার সমীকরণ চোখের পলক পড়তে না পড়তেই বদলে যাচ্ছে। কয়েকদিন আগেই ক্যাপ্টেনসি টাস্কের সময় নন্দিনীর কারণে সৃজলা ঘোড়া থেকে পড়ে যান এবং মারাত্মক চোট পান। হাসপাতালেও থাকতে হয়েছিল মন ফাগুন অভিনেত্রীকে। তবে মনের জোরেই এই ঘরে আবার ফিরে এসেছেন সৃজলা। এরপর বেশ কয়েকবার নিজের শরীরের আঘাতের কথা বলেছেন অভিনেত্রী। এও বলেছেন যে যখনই তিনি হাঁটেন এবং পায়ে ব্যথা অনুভব করেন, তখনই তাঁর নন্দিনীর দ্বারা আঘাতের কথা মনে পড়ে। তবে সোমবারের পর্বে সৃজলা তাঁর আঘাত নিয়ে বড় দাবি করে বসলেন।
সোমবার বিগ বসের নির্দেশে মনের কথা বলার খেলায় প্রকাশ্যে সেই চরম ও নিষ্ঠুর সত্যি! এদিন সৃজলা জানালেন, চোটের জেরে তিনি মা হওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলতে পারতেন। এদিনের পর্বে দেখা গিয়েছে, প্রত্যেক প্রতিযোগীকে কার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে তা লিখিত আকারে বিগ বসকে জানাতে হবে। জিতু, মনামী, রাজবীর সহ সকলেই এক এক করে নিজেদের অভিযোগ লেখেন। পরবর্তীতে তা প্রকাশ্যে পড়তে বলা হয়। সেখানেই দেখা যায়, অনেকেরই অভিযোগ সৃজলার বিরুদ্ধে। তনুশ্রীও তাঁদের মধ্যেই একজন। সেই চিঠিতে তনুশ্রী সৃজলাকে লেখেন যে নন্দিনী তাঁর কর্মকাণ্ডের জন্য অনুতপ্ত এবং সৃজলার উচিত তাঁকে মন থেকে ক্ষমা করে দেওয়া। তাতেই সৃজলা ঘোর আপত্তি জানান।
সৃজলা এরপরই সরাসরি তাঁর ক্ষতের কথা প্রকাশ্যে আনেন। এদিন প্রথম তিনি প্রকাশ করেন যে, ঘোড়া থেকে পড়ে যাওয়ায় তাঁর যে ধরণের আঘাত লেগেছে তাতে তিনি মাতৃত্বের সুখ থেকে বঞ্চিত হতেও পারতেন। ফলে নন্দিনীকে ক্ষমা করে দেওয়ার মতো মানসিক অবস্থায় তিনি এখনও নেই। তবে টাস্কের প্রয়োজনে অবশ্যই কথা বলবেন নন্দিনীর সঙ্গে। তনুশ্রী বারংবার সৃজলাকে অনুরোধ করলেও, অভিনেত্রী তাঁর সিদ্ধান্তে অনড় থাকেন।
কয়েক সপ্তাহ আগে ক্যাপ্টেনসি টাস্ক চলাকালীন নন্দিনী সৃজলাকে এমনভাবে কাঠের ঘোড়া থেকে নামানোর চেষ্টা করেন যে সৃজলা মুখ থুবড়ে মাটিতে পড়ে যান। পা ও শরীরের অভ্যন্তরে চোট পান তিনি। ৫ দিন তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। মনের জোরেই তিনি বিগ বস-এর বাড়িতে ফিরে এলেও, এখনও তাঁর আঘাত পুরোপুরি কমেনি। এই অবস্থাতেই সৃজলা যতটা পারছেন বিগ বস-এর টাস্কে যোগ দিচ্ছেন। এই ঘটনায় নন্দিনীও ভীষণভাবে অনুতপ্ত। তিনি বহুবার সৃজলার কাছে ক্ষমাও চেয়েছেন। তবে এখনও মন ফাগুন অভিনেত্রীর মন গলাতে পারেননি নন্দিনী।