
বনি সেনগুপ্তটলিউডের হিরো বনি সেনগুপ্তকে নিয়ে মাঝে মধ্যেই চর্চা দেখা যায়। হিট ছবির চেয়ে তাঁর ঝুলিতে ফ্লপ ছবির সংখ্যাটাই বেশি। তারওপর নানান কারণে তিনি বিতর্কেও থেকেছেন। বনির প্রেয়সী কৌশানী যদিও একের পর এক ছবিতে কাজ করে ইতিমধ্যেই অভিনেতাকে ছাপিয়ে চলে গিয়েছেন। যদিও তাতে বনির কোনও রাগ-অভিমান নেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেতার এক ভিডিও ভাইরাল হয়েছে। আর এই ভিডিও ভাইরাল হতেই ফের বনিকে নিয়ে চর্চা তুঙ্গে।
সম্প্রতি মালদায় একটি অনুষ্ঠানে গিয়েছিলেন বনি। সেখানেই তাঁকে দেখতে ভক্তদের মধ্যে বেশ ভিড় জমে যায়। ভিডিওতে দেখা গিয়েছে, কয়েকজন ভক্ত বনির কাছে ছুটে এসে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করছেন। এক মহিলা ভক্ত আবার নিজের সঙ্গে নিয়ে আসা টি শার্টে অভিনেতার স্বাক্ষরও নেন। সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতেই নেটপাড়ায় আলোচনার কেন্দ্রে চলে আসেন বনি। অভিনেতার জনপ্রিয়তাকেই কটাক্ষ করেছেন নেটিজেনের একাংশ।

বনির সেই ভিডিওর নীচে কমেন্ট করে অনেকে লেখেন, এটা দেখে শাহরুখ খান স্টেজের নীচে দাঁড়িয়ে কাঁদছে। আবার কেউ লেখেন, ধন্য সেই মোস্ট লিডিং স্টার-এর ফ্যান। কেউ লিখেছেন, বনিরও ভক্ত আছে, কেউ লিখলেন, বনি ভাবছে আমাকে আবার কে প্রণাম ঠুকতে চলে এলো রে ভাই, আবার কেউ লেখেন, বনিও চমকে গেছে ভেবে ওর ফ্যান আছে। কেউ লিখলেন, বনিকেও লোকে প্রণাম করতে পারে। এই ভিডিও সামনে আসতেই অভিনেতাকে নিয়ে হাসি-ঠাট্টাই বেশি চলে।
বনিকে নিয়ে এমন ঠাট্টার পিছনে তাঁর পুরনো একটি মন্তব্যও বারংবার উঠে আসছে। প্রায় এক বছর আগে নিজেকে টলিপাড়ার অন্যতম লিডিং নায়ক হিসাবে উল্লেখ করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তারপর থেকেই তাঁকে নিয়ে কটাক্ষের সময় সেই মন্তব্যের প্রসঙ্গ টেনে আনেন অনেকে। প্রসঙ্গত, ২০২৩ সালের মার্চে রাজ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতির মামলায় বনির নাম জড়িয়েছিল। সেই সময় বনি সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে তিনি ইন্ডাস্ট্রির লিডিং নায়ক। রাজ চক্রবর্তীর বরবাদ ছবির মাধ্যমে টলিউডে পা রাখেন বনি। এরপর পারবোনা আমি ছাড়তে তোকে, রাজা রানি রাজি, টিউবলাইট, গার্লফ্রেন্ড সহ বেশ কিছু ছবিতে বনি অভিনয় করেছেন।