Dadagiri: দেবের কাছে মদনের নামে 'নালিশ' নওশাদের, কুণাল-সজল কী বললেন?

রাজনৈতিক ময়দানে প্রত্যেকেই নিজের নিজের দলের পরিচিত মুখ। তাঁদের বক্তব্য, রাজনৈতিক অবস্থান এবং কর্মকাণ্ড নিয়ে নিয়মিতই চর্চা হয়। কিন্তু এবার সেই চেনা পরিচয়ের বাইরে গিয়ে ‘দাদাগিরি’-র মঞ্চে তাঁদের দেখা যাবে প্রতিযোগীর ভূমিকায়। ফলে কে কত দ্রুত প্রশ্নের উত্তর দিতে পারেন, কার সাধারণ জ্ঞান কতটা তুখোড়, আর শেষ পর্যন্ত কার হাতে উঠবে ট্রফি তা নিয়েই তৈরি হয়েছে আগ্রহ।

Advertisement
দেবের কাছে মদনের নামে 'নালিশ' নওশাদের, কুণাল-সজল কী বললেন?দেবের দাদাগিরির বিশেষ পর্ব
হাইলাইটস
  • দেবের সঙ্গে 'দাদাগিরি' করতে হাজির হচ্ছেন ছাব্বিশের বিধানসভার ৬ জয়ী বিধায়ক।

'দাদাগিরি'র মঞ্চে এবার ত্রিপল মজা। দেবের সঙ্গে 'দাদাগিরি' করতে হাজির হচ্ছেন ছাব্বিশের বিধানসভার ৬ জয়ী বিধায়ক। আর এঁদের নিয়েই জমবে 'দাদাগিরি'র পরবর্তী পর্ব। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় এই পর্বের প্রোমো, ঝলক বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বিধায়ক কুণাল ঘোষ, কৌস্তভ বাগচী, নওশাদ সিদ্দিকি, মদন মিত্র, সজল ঘোষ ও মোস্তাফিজুর রহমান। আর এই মঞ্চেই মদন মিত্রের বয়স ও গ্ল্যামর নিয়ে বাকি বিধায়কদের মজার টিপ্পনির ভিডিও বেশ ভাইরাল। 

রাজনৈতিক ময়দানে প্রত্যেকেই নিজের নিজের দলের পরিচিত মুখ। তাঁদের বক্তব্য, রাজনৈতিক অবস্থান এবং কর্মকাণ্ড নিয়ে নিয়মিতই চর্চা হয়। কিন্তু এবার সেই চেনা পরিচয়ের বাইরে গিয়ে ‘দাদাগিরি’-র মঞ্চে তাঁদের দেখা যাবে প্রতিযোগীর ভূমিকায়। ফলে কে কত দ্রুত প্রশ্নের উত্তর দিতে পারেন, কার সাধারণ জ্ঞান কতটা তুখোড়, আর শেষ পর্যন্ত কার হাতে উঠবে ট্রফি তা নিয়েই তৈরি হয়েছে আগ্রহ। দেবের এই শোয়ে সজল-কুণাল-কৌস্তভদের সাদামাটা ভাবে দেখা গেলেও, তাঁদের সকলকে টক্কর দিয়ে লাল রঙের জমকালো পাঞ্জাবি ও সাদা রঙের ধুতিতে দেখা গেল মদন মিত্রকে। এমনিতে মদন মিত্রের গ্ল্যামার নিয়ে চর্চা কম হয় না। এবার দাদাগিরিতে মদন মিত্রের প্রশংসা করতে পিছুপা হলেন না কুণাল-সজল ও নওশাদরা। 

জি বাংলার পক্ষ থেকে 'দাদাগিরি'র বিশেষ পর্বের এক ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেবের কাছে নওশাদ অভিযোগের সুরে বলছেন যে মদন মিত্রের মতো গ্ল্য়ামারস মানুষের সঙ্গে তাঁকে নিয়ে আসা হয়েছে, সবাই তো মদনদাকে দেখবে, তাঁকে কেউ দেখবে না। এরপরই ময়দানে নামেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি বলেন, 'এটা দেখাগিরি হচ্ছে না কিন্তু মদনদাকে দাঁড় করিয়ে আর শুধু ভাইজান ভাইজান করবেন, ও লাভলি কিন্তু বন্ধ হয়ে যাবে কাল থেকে।' এরপর কুণাল ঘোষ বলেন, 'এখানে আর একটা বিষয় আছে, আমরা যারা মদনদার থেকে জুনিয়র, আমরা ওপরওয়ালার কাছে প্রার্থনা করি, আমরা যখন মদনদার বয়সে গিয়ে পৌঁছব, (হাত জোড় করে মাথা নত করে) যেন ঠিক এরকম থাকতে পারি।' তিন বিধায়কের প্রশংসায় মদন মিত্রের গাল আরও লাল হয়ে যায়। 

Advertisement

এরপর দেব মদন মিত্রের দিকে ফিরে বলেন, তুমি বুঝতে পারলে সবাই কেমন বয়সকে ধোকা দিল। এরপরই শেষ ছক্কা হাঁকেন কামারহাটির বিধায়ক। মদন মিত্র বলেন, 'ওরা এটা বুঝতে পারছে না, বয়সকে ধোকা দিলেও এখানে ও দাদা আমিও দাদা, আমি কাকা নই।' মদন মিত্রের কথা শুনে দেবও হাসি চেপে রাখতে পারেননি। বিশেষ এই পর্বের সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই একই মঞ্চে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের উপস্থিতি। তৃণমূল, বিজেপি, আইএসএফ এবং সিপিআইএম রাজনীতির ময়দানে যাঁদের অবস্থান এবং মতাদর্শ আলাদা, তাঁদের একসঙ্গে খেলতে দেখা নিঃসন্দেহে দর্শকদের জন্য অন্যরকম অভিজ্ঞতা হতে চলেছে। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার বাইরে তাঁদের ব্যক্তিগত রসবোধ, উপস্থিত বুদ্ধি এবং মজার মুহূর্তও এই পর্বে সামনে আসবে। ৩০ অগাস্ট, রবিবার অর্থাৎ কাল দাদাগিরির এই বিশেষ পর্ব দেখা যাবে রাত সাড়ে ন'টায়।  
 

POST A COMMENT
Advertisement