কাঞ্চন-দেবের ভিডিও ভাইরালটলিপাড়ার তারকাদের একাধিক বিয়ে নিয়ে চর্চা কম নেই। কারোর তিনটে আবার কারোর চারটে। সেই তালিকায় নাম রয়েছে কাঞ্চন মল্লিকের। দুটো অসফল বিয়ের পর ফের তৃতীয়বার বিয়ে করেছেন তিনি। কাঞ্চনের একাধিক এই বিয়ে নিয়ে কম চর্চা-কটাক্ষ হয়নি নেটপাড়ায়। অপরদিকে, বহু বছর ধরে টলিপাড়ার মোস্ট এলিজেবল ব্যাচেলরের তকমা রয়েছে দেবের। রুক্মিণীর সঙ্গে সম্পর্কে থাকলেও কবে তাঁদের বিয়ে হবে, তা নিয়ে ইন্ডাস্ট্রিতে আলোচনা কম হয় না। আর সেরকমই দেব-কাঞ্চনের কথোপকথনের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। ভাইরাল এই ভিডিও দেখে হাসির রোল উঠেছে।
সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একসঙ্গে হয়েছিলেন দেব ও কাঞ্চন মল্লিক। কাঞ্চনকে দেখা গিয়েছিল হলুদ রঙের স্কার্ট পরে মঞ্চে মজার মজার কথা বলতে। সেরকমই এক মুহূর্তে কাঞ্চন হঠাৎ করেই দেবের দিকে এসে বলেন, 'ওই দেখ বসে রয়েছে আসল যোদ্ধা। বলছি দাদা, আপনার তো হাত ধরে কত হিরোইনরা ফরফর করে উঠে যাচ্ছে, আমার হাতটা একটু আপনার হাতটা দিয়ে ধরুন না, আমিও উড়তে চাই।' এই প্রশ্নের জবাবে দেব হাসিমুখে বলেন, 'তোমার হাত ছুঁলে যদি আমার বিয়েটা হয়। তোমার যা রেকর্ড আছে।'
এর উত্তরে কাঞ্চন দেবকে বলেন, 'আমি চাই তোমার বিয়ে হোক, আমি নিতবর হব। চারবেলা খেয়ে আসব তোমার বাড়িতে।' দেব ও কাঞ্চনের এই কথোপকথন নিছকই মজার ছিল। তবে নেটপাড়ায় এই ভিডিও বেশ ভাইরাল। প্রসঙ্গত, কাঞ্চনের এটা তৃতীয় বিয়ে। প্রথম দুটো বিয়ে ভেঙে যাওয়ার পর অভিনেতা ও প্রাক্তন তৃণমূলের বিধায়ক ২০২৪ সালে অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে শুভ পরিণয় সারেন। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে, নাম কৃষভি। সোশ্যাল মিডিয়ায় সর্বদাই চর্চিত কাঞ্চনের ব্যক্তিগত সম্পর্ক।
অপরদিকে, দেব ও রুক্মিণীর সম্পর্কের বয়সও নেহাত কম নয়। তাঁদের প্রেমের খবর ইন্ডাস্ট্রির সকলেই জানেন। বাইক অ্যাম্বুলেন্স দাদা সিনেমাতে ফের দেখা যাবে দেব-রুক্মিণী জুটিকে। কিন্তু তাঁরা কবে বিয়ে করবেন, সেই বিষয়ে দুজনের কেউই মুখ খুলতে চান না। দেব ও রুক্মিণী খুব কৌশল করেই তাঁদের বিয়ের বিষয়টা এড়িয়ে যান। ইন্ডাস্ট্রির সকলেই মুখিয়ে রয়েছেন টলিপাড়ার এই গ্র্যান্ড ওয়েডিং-এর জন্য।