
দেব-শুভশ্রীএকে তো তাঁরা প্রাক্তন, তার ওপর অনস্ক্রিনেও ঝড় তোলেন দেব-শুভশ্রী (Dev Subhashree) জুটি। গত বছর বক্স অফিসে ধূমকেতু ঝড় তোলার পর চলতি বছরের গোড়াতেই দেব-শুভশ্রী বড়পর্দায় ফিরছেন, ঘোষণা হয়। 'দেশু৭' নিয়ে প্রথম থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। আর সে কারণে অনেক আগেই ফার্স্ট ডে ফার্স্ট শোয়ের সব টিকিট বুক। আসলে দেব-শুভশ্রীর ম্যাজিক দেখার সুযোগ কেউই ছাড়তে চান না। দেশু৭ ছবির শ্যুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আর এরই মাঝে সামনে এল দেব-শুভশ্রীর গোপন কথা। দেব বলেন, শুভশ্রীর বিয়ের দিনও কথা হয়েছে তাঁর সঙ্গে।
সোমবার দেব-শুভশ্রী সোশ্যাল মিডিয়ায় লাইভে আসেন। যেখানে তাঁরা একাধিক প্রশ্নের উত্তর দেন। এই প্রশ্ন করার দায়িত্বে ছিলেন অরিত্র দত্ত বণিক, যিনি নিজেও দেব-শুভশ্রীর সঙ্গে শিশুশিল্পী হিসাবে কাজ করেছেন। সেখানেই একে-অপরকে ফলো, আনফলো, ব্লক এইসব নিয়ে উত্তর দিতে গিয়ে দেব মুখ ফসকে বলে ফেলেন, শুভশ্রীর সঙ্গে তাঁর বিয়ের আগের দিন, এমনকী বিয়ের দিনও কথা হয়েছে। দেব বলেন, আমরা মাঝে মাঝে কথা বলতাম, আবার ঝগড়া করতাম, আবার কথা বলতাম। এমন নয় যে আমাদের কথা হয়নি। শুভশ্রীর বিয়ের আগের দিন পর্যন্ত কথা হয়েছে, বিয়ের সময়ও কথা হয়েছে। আবার আমাদের মধ্যে ঝগড়া হয়েছে আর আবার আমরা ব্লক করেছি, ওটাই শেষ ব্লক।

এরপরই দেব শুভশ্রীর দিকে তাকিয়ে বলেন, কেস খাবো না তো, তুমি ম্যানেজ করে নেবে তো? এতে শুভশ্রী মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলেন যে তিনি সামলে নেবেন। প্রসঙ্গত, গত বছর ধূমকেতুর প্রচারে নজরুল মঞ্চে এসে একে-অপরের ফোনের ব্লক খোলেন এবং সোশ্যাল মিডিয়ায় একে-অপরকে ফলো করতেও শুরু করেন। দেব এরপর জানান যে তাঁর ও শুভশ্রীর দিকে সব সময় এত ক্যামেরা থাকে যে প্রকাশ্যে নায়িকার সঙ্গে কথা বলার ইচ্ছে থাকলেও দেব তা করতে পারেননি। তবে তাঁদের মধ্যে এখনও সেই বন্ধুত্বের সম্পর্কটা রয়েছে।
এখানেই শেষ নয়। এতদিন দেবের ফোনে শুভশ্রীর নম্বর সেভ ছিল শুভশ্রী দি অ্যাক্ট্রেস হিসাবে। কারণ দেব ওই নম্বর পেয়েছিলেন তাঁর টিমের কাছ থেকে। আর তখন থেকে সেভাবেই ফোনে সেভ করা আছে। তবে অরিত্রর উদ্যোগে দেবের ফোনে শুভশ্রীর নম্বর এবার সেভ হল শুধুই শুভ হিসাবে। লাইভের শেষে শুভশ্রী ও দেব জানান যে তাঁরা একে-অপরকে একটা প্রতিশ্রুতি দিয়েছেন। সেটা হল যাই হয়ে যাক তাঁরা আর ঝগড়া করবেন না, একে-অপরকে ব্লক করবেন না। আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে দেব-শুভশ্রীর দেশু৭। আর কিছুদিনের মধ্যেই ছবির টিজার-ট্রেলার ও নতুন গান আসবে বলেও জানিয়েছেন দেব।