দেব-শুভশ্রীর রোম্যান্সএ বছরের পুজোতে ডাবল চমক অপেক্ষা করে রয়েছে সিনেমা প্রেমীদের জন্য। পর্দায় কামব্যাক করছেন দেব-শুভশ্রী। তাঁদের দেশু৭ ঘিরে বছরের প্রথম থেকেই দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা ছিল। এবার সেই উচ্ছ্বাসের ডোজ আরও কিছুটা বেড়ে গিয়েছে। দেব তাঁর আগের ছবিগুলোর মতোই এই ছবির প্রচারের ক্ষেত্রেও বড়সড় পরিকল্পনা করেছেন। গত ২৯ সেপ্টেম্বর থেকে দেশু জুটির প্রচার শুরু হয়েছে। প্রথমেই দেব-শুভশ্রী পৌঁছে গিয়েছিলেন ত্রিপুরার আগরতলাতে। আর সেখানেই ফের দেখা গেল প্রাক্তন জুটির পুরনো ম্যাজিক, তবে নতুন মোড়কে।
এদিন দেব ও শুভশ্রী দুজনকেই দেখা গেল কালো রঙের পোশাকে। মঞ্চেই দেব-শুভশ্রী তাঁদের ছবির সবচেয়ে জনপ্রিয় গান তোর শুধু তোর-এ পারফর্ম করা শুরু করেন। প্রথমেই শুভশ্রীর কপালে আলতো করে চুমু দেন দেব, তারপরই তাঁরা একে-অপরের কাছে এসে দর্শকদের জন্য একটা ধামেকাদার পারফর্ম্যান্স দেন। তবে এই পারফর্ম্যান্সের মধ্যেও দেব-শুভশ্রীর মুখের হাসি বলে দেয়, তাঁরা একসঙ্গে কতটা ভাল আছেন। বাংলা ছবির স্বার্থে রিয়্যাল লাইফের প্রাক্তন জুটির এইভাবে একসঙ্গে সিনেমা করা, সত্যিই বিরল।
এর আগেও দেব-শুভশ্রীর ফটোশ্যুটে তাঁদের রসায়ন দেখে কেউ বলবে না যে তাঁদের ব্রেকআপ হয়েছিল। প্রসঙ্গত, দেশু৭-এর টিজার ও গান সামনে আসার পর থেকেই শোনা যাচ্ছিল যে রাজ-শুভশ্রীর মধ্যে নাকি দুরত্ব বেড়েছে। শুধু তাই নয়, দেব-শুভশ্রীকে নিয়েও কম মুখরোচক আলোচনা হয়নি। তবে এইসব বিষয়কে গুরুত্ব না দিয়ে দেব-শুভশ্রীর লক্ষ্য এখন একটাই কীভাবে তাঁদের দেশু৭-কে হিট করানো যায়। আর সেই কারণেই দর্শকদের আবদারেই দেব-শুভশ্রীর এই কাছে আসা।
এখন 'দেশু7'-এর অভিনব প্রচারে ব্যস্ত দেব-শুভশ্রী। এবার দেব আর শুভশ্রীর জুটি পৌঁছে যাবে অনুরাগীদের কাছে। পুজোর ছবির প্রচার করতে দেব আর শুভশ্রী জুটিতে ঘুরবেন গোটা বাংলার বিভিন্ন জায়গায়। দেশু ট্যুর ত্রিপুরায় প্রচারের পর পৌঁছে যাবেন শ্রীরামপুরে। অক্টোবর মাসের ৪ তারিখ তাঁরা শিলিগুড়িতে যাবেন। অক্টোবর মাসের ৮ তারিখ কলকাতায় থাকবে দেব-শুভশ্রীর শো। অক্টোবর মাসের ১১ তারিখ দেব এবং শুভশ্রী আসবে তারকেশ্বরে। রঘু ডাকাত ও খাদান ছবির ক্ষেত্রেও দেবের এই প্রচার কৌশল দেখা গিয়েছিল। এবার সেই প্রচারের সাক্ষী থাকছেন শুভশ্রীও। আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে দেশু৭। তবে এই অভিনব প্রচার বক্সঅফিসে কতটা ছাপ ফেলতে পারবে, সেই উত্তর দেবে সময়।
প্রসঙ্গত, দেশু৭-এর জন্য আবার একসঙ্গে শ্যুটিং করতে দেখা গিয়েছে দেব ও শুভশ্রীকে। লাদাখেও রোম্যান্টিক গানে দেব-শুভশ্রীর রসায়ন তাঁদের অতীত সময়কে আবার ফিরিয়ে এনেছে। একসময় চুটিয়ে প্রেম করতেন দেব-শুভশ্রী। রিল ও রিয়্যাল লাইফে তাঁদের জুটি ছিল এক নম্বর। কিন্তু সেই সম্পর্ক ভেঙে যায়। কিন্তু কেন ভাঙে, তার কারণ আজও অজানা। এরপর শুভশ্রী বিয়ে করেন পরিচালক রাজকে এবং দেবের জীবনে আসেন রুক্মিণী।