ধুরন্ধর ২ ট্রেলার'ধুরন্ধর' দেখার পর যাঁরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কবে 'ধুরন্ধর ২' আসবে, সেই প্রতীক্ষা অবশেষে মিটল। 'ধুরন্ধর'-এর সিক্যুয়েল 'Dhurandhar: The Revenge'-এর ধুন্ধুমার ট্রেলার মুক্তি পেয়েছে আজই। এটা নতুন করে বলার কিছুই নেই যে আগের তুলনায় এই সিক্যুয়েলে রক্তারক্তি, হিংসা, মারপিট আরও অনেক বেশি। আর এই সিক্যুয়েলে দেখা যাবে রণবীর সিং ওরফে হামজাকে প্রতিশ্রুচি দিতে যে পাকিস্তানের ভবিষ্যৎ লিখবে ভারতই।
ভারতের এজেন্ট হামজার পাকিস্তানে ঢুকে যে মারকাটারি অ্যাকশন দেখিয়েছিলেন, এবারে সেই ডোজ যে তিনগুণ বাড়বে তা বলাই বাহুল্য। বক্স অফিসে ধুরন্ধর একের পর এক ঝোড়ো ব্যাটিংয়ে বুঝিয়ে দিয়েছিল তারাই সেরা। ২০২৫-এর ঝিমিয়ে পড়া বক্স অফিসকে চাঙ্গা করেছিল রণবীর-অক্ষয় খান্নার ধুরন্ধর। তাই দর্শকেরা ধুরন্ধর ২ দেখার জন্য মুখিয়ে অপেক্ষা করছেন তা আলাদা করে বলার উপেক্ষা রাখে না। তবে ‘ধুরন্ধর’ যদি অক্ষয় খন্নার ছবি হয়ে থাকে, তা হলে ‘ধুরন্ধর ২’ রণবীর সিংহের। গোটা ট্রেলার জুড়ে কেবল তাঁরই দাপট।
ট্রেলারের শুরুতেই রক্ত গরম করা সংলাপ। যার জবাব দিতে পাকিস্তানে পৌঁছে গিয়েছেন হামজা (রণবীর সিং)। অক্ষয় খান্না ওরফে রহমান ডাকাইতের মৃত্যুর পরে দ্বিতীয় পর্বে ‘শের-ই-বালোচ’ হয়ে উঠবে হমজা। লিয়ারিতে একচ্ছত্র আধিপত্য বিস্তারের পথে রণবীরের হিংস্র থেকে হিংস্রতর রূপ দেখবেন দর্শকেরা। এর পাশাপাশি জসকিরত সিংহ রাঙ্গি থেকে কী ভাবে হামজা হয়ে উঠলেন, সেই কাহিনীও তুলে ধরা হবে। তবে রণবীরের পাশাপাশি সঞ্জয় দত্ত, যাঁকে এসপি চৌধুরি আসলামের চরিত্রে দেখা গিয়েছে, তিনিও ফাটাফাটি অভিনয় করেছেন। হোসলা ইন্ধন বদলা, এই তিন মন্ত্রই কানে বাজছে হামজার। প্রথম বারের মতো, এ বারেও আবহসঙ্গীত আবার দর্শকমন জয় করবে বলেই মত অনুরাগীদের। ঝলকে দেখা মিলেছে আর মাধবন, সঞ্জয় দত্ত, সারা অর্জুন, রাকেশ বেদী-সহ প্রায় প্রত্যেকেরই, যাঁরা প্রথম ছবিতেও ছিলেন।
আগামী ১৯ মার্চ মুক্তি পাচ্ছে আদিত্য ধর পরিচালিত ধুরন্ধর ২। প্রথম পর্ব নিয়ে বিতর্ক হলেও ভারতীয় বক্সঅফিসে ঝড় তুলেছিল সেটি। সেই ধারা 'ধুরন্ধর ২' অব্যাহত রাখতে পারে কি না, সেটাই দেখার।