এখন কেমন আছেন পরিচালক উৎসব?গত ২ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন টলিউডের পরিচালক-চিত্রনাট্যকার উৎসব মুখোপাধ্যায়। পরিচালকের স্ত্রী মৌপিয়া বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁর স্বামীর নিখোঁজ হওয়ার বিষয়টি সামনে নিয়ে আসেন। নিমতার এক ব্যাঙ্কে গিয়ে আশ্চর্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছিলেন পরিচালক। আনন্দপুর থানাতেও মিসিং কেস করেন স্ত্রী মৌপিয়া। কোথাও খোঁজ পাওয়া যাচ্ছিল না পরিচালক উৎসবের। অবশেষে ২৪ দিন পর থোঁজ মেলে তাঁর। দিল্লিতে এক বন্ধুর বাড়িতে রয়েছেন তিনি। খোঁজ পাওয়ার পর প্রথমবার স্ত্রীকে সঙ্গে নিয়ে ছবি পোস্ট করলেন পরিচালক।
উৎসব তাঁর নিজের ফেসবুক থেকেই স্ত্রী মৌপিয়ার সঙ্গে ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন দীর্ঘ পোস্ট। উৎসব লেখেন, 'হাই! আমি উৎসব, আমি এখন স্ত্রীর সঙ্গে দিল্লিতে রয়েছি এবং আমি ভাল আছি। আমি জানি বিগত বেশ কয়েকদিন যাবৎ আপনারা সকলে আমায় নিয়ে উদ্বিগ্ন ছিলেন এবং আমি সকলের কাছে এর জন্য কৃতজ্ঞ। তবে আমি এটুকু বলতে চাই যে এটা আমার কখনই উদ্দেশ্য ছিল না, যার জন্য এত মানুষ চিন্তিত হয়ে পড়েন। আসলে জীবনে এত অপ্রত্যাশিত মোড় আসে। এর জন্য আমি দুঃখিত।'
পরিচালক এও বলেন, 'এই সময়ে আমি ও মৌপিয়া কিছুটা ব্যক্তিগত সময় কাটাতে চাইছি, তাই আমাদের সেইটুকু সময় দেওয়া হোক। আমি কথা দিচ্ছি কলকাতায় ফিরে এলে আমি সকলের সঙ্গে যোগাযোগ করে নেব।' উৎসব যে ভাল আছেন এবং স্ত্রীর সঙ্গে আছেন এখন, সেটা খুব ভাল করে বোঝা গেল। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে নিদ্রাহীন রাত কাটিয়েছেন পরিচালকের স্ত্রী। আনন্দপুর থানা থেকেও কোনও আপডেট পাচ্ছিলেন না তিনি।
লালবাজার মিসিং পার্সন স্কোয়াড থেকে কিছু সংবাদপত্রে উৎসবকে নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এই ঘটনায় রীতিমতো দিশেহারা হয়ে পড়েছিলেন স্ত্রী মৌপিয়া। ২৪দিন পর হঠাৎ করেই খোঁজ পাওয়া যায় উৎসবের। জানা যায়, দিল্লিতে এক বন্ধুর বাড়িতে রয়েছেন তিনি। এত দিন তিনি কোথায় ছিলেন, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। সোমবারই দিল্লিতে পৌঁছায় মৌপিয়া। পরিচালককে নিয়ে কলকাতায় ফিরবেন তিনি। তবে এখন পুলিশের নির্দেশে কোনও কিছু বলা বারণ রয়েছে।
২ এপ্রিল দুপুর থেকে নিখোঁজ ছিলেন উৎসব। ওই বৃহস্পতিবার দুপুরে নিমতার একটি ব্যাঙ্কে গিয়েছিলেন পরিচালক। উৎসবের স্ত্রী জানিয়েছিলেন, তাঁর সঙ্গে পরিচালকের শেষ বার কথা হয়েছিল ওইদিন দুপুর ২টো ২২ নাগাদ। তার পর আনন্দপুর থানায় নিখোঁজ ডায়েরিও করেছিলেন স্ত্রী। অবশেষে খোঁজ মিলল পরিচালকের।