ভোট আবহে এপ্রিলে নেই কোনও বাংলা ছবিআসন্ন বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ্য়ে। এ বছর দু'দফায় নির্বাচন হতে চলেছে। এদিকে এপ্রিল মাসে কিছু ছবির মুক্তি হওয়ার কথা চলছিল। বিগত কয়েক সপ্তাহ ভোটের নির্ঘণ্ট না জানা পর্যন্ত প্রযোজক থেকে নির্মাতা, ছবি মুক্তির ক্ষেত্রে প্রত্যেকেই জল মেপে এগোতে চাইছিলেন। তাই এ বার ছবিমুক্তি নিয়ে টলিপাড়ায় নানা গুঞ্জন। ভোটের মরশুমে বাংলা ছবির মুক্তি ঘিরে একটা জল্পনা তৈরি হয়েছে। আদৌও এপ্রিলে কোনও বাংলা ছবি মুক্তি পাচ্ছে কিনা, দেখে নেওয়া যাক।
চলতি বছরের গরমকালে বেশ কিছু বাংলা ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। যার মধ্যে রয়েছে অর্জুন দত্তের 'বিবি পায়রা'। স্বস্তিকা ও পাওলি দামের জুটিতে এই ছবির টিজার ইতিমধ্যেই দর্শকদের মন জয় করে নিয়েছে। ১০ এপ্রিল এই ছবি মুক্তির কথা রয়েছে। অর্থাৎ আগামী মাসের প্রথমদিকেই এই ছবি মুক্তি পাবে। তবে আশঙ্কা একটাই, ভোটের আবহে এই ছবি আদৌও হলে দর্শক টানতে পারবে কিনা। আর যদি সেই আশঙ্কা হয়ে থাকে তাহলে এই ছবির মুক্তিও পিছোতে পারে। যদিও এখনও পর্যন্ত ১০ এপ্রিল মুক্তি পাওয়ার তারিখই নির্দিষ্ট হয়ে রয়েছে।
অপরদিকে, পরিচালক পৃথা চক্রবর্তীর 'ফেরা' ছবিও এই এপ্রিলেই মুক্তি পাওয়ার কথা ছিল, স্ক্রিনিং কমিটির ক্যালেন্ডার অনুযায়ী। কিন্তু এই ছবির প্রযোজনা সংস্থা নন্দী মুভিজের পক্ষ থেকে জানানো হয়েছে যে আপাতত ছবি মুক্তির তারিখ নির্ধারিত হয়নি। ভোটের পরই এই ছবি মুক্তি পাবে বলে জানানো হয়েছে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। ভোটের আবহে এপ্রিল মাসে বাংলা ছবি মুক্তি প্রসঙ্গে স্ক্রিনিং কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত জানিয়েছেন যে ক্যালেন্ডার অনুযায়ী এপ্রিলে ছবি মুক্তির কথা থাকলেও, পরিচালক-প্রযোজকরা কী করবেন সেটা তাঁদের ব্যাপার।
ভোট মিটলে মে মাসে বেশ কিছু বড় বাজেটের ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। সেই তালিকায় রয়েছে উইন্ডোজ প্রযোজনা তথা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের 'ফুলপিসি ও এডওয়ার্ড'। মনে করা হচ্ছে ৪ মে ভোটের ফলাফলের পরই এই ছবি মুক্তি পাবে। অপরদিকে জিতের বহু প্রতীক্ষিত সিনেমা 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' এটিও মে মাসে মুক্তি পাচ্ছে। সম্ভবত ২৯-শে মে মুক্তি পেতে চলেছে এই ছবি। আর সেটা যদি হয় জিৎ ও শিবপ্রসাদের জোরদার টক্কর হবে।
প্রসঙ্গত, গত বছরের এপ্রিলে মুক্তি পেয়েছিল 'পুরাতন' ও 'কিলবিল সোসাইটি'। যা বক্স অফিসে মোটামুটি ভাল ফল করেছিল। কিন্তু কথা হচ্ছে, বাঙালির নববর্ষ উপলক্ষ্যে কোনও বাংলা ছবি মুক্তি পাচ্ছে না। সেই জায়গা দখল করবে বলিউড। ১০ এপ্রিল মুক্তি পাচ্ছে প্রিয়দর্শনের ছবি 'ভূত বাংলা'। যেখানে অক্ষয় কুমারের সঙ্গে দেখা যাবে যিশু সেনগুপ্তকে। এর আগেই মুক্তি পাবে রণবীর সিংয়ের 'ধুরন্ধর ২'। মার্চের ১৯ তারিখ এই ছবি মুক্তি পেলেও সেই রেশ যে এপ্রিল পর্যন্ত থাকবে, সেটাই মনে করছেন পরিচালক-নির্মাতারা। অর্থাৎ 'ধুরন্ধর ২' ঝড় তুলবে ভোটের বাজারে বাংলাতেও।
এছাড়াও এই বছর এপ্রিলে বলিউড ছবির মুক্তির তালিকায় রয়েছে 'আওয়ারাপন ২' (৩ এপ্রিল), 'চিরঞ্জীবি হনুমান' (২ এপ্রিল), 'ডাকাত' (১০ এপ্রিল), সলমন খানের 'মাতৃভূমি' (১৭ এপ্রিল) ও 'গিনি ওয়েডস সানি ২' (২৪ এপ্রিল)। এতগুলো হিন্দি ছবির মাঝে একটাও বাংলা ছবি মুক্তি নেই। সুতরাং বলা চলে খোলা মাঠেই একের পর এক গোল দেবে বলিউড সিনেমা।