ইমপা নিয়ে কী বললেন পাপিয়া অধিকারী?শুক্রবার EIMPA অফিসের বৈঠক ঘিরে ধুন্ধুমার কাণ্ড। সভাপতি পিয়া সেনগুপ্তের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রযোজক-পরিবেশকদের একাংশ। এই নিয়ে শুক্রবার বিকেল থেকেই ইমপার অফিস সরগরম। অভিযোগ-পাল্টা অভিযোগ এমন পর্যায় পৌঁছায় যে শেষ পর্যন্ত বৌবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করতে হয় দুই পক্ষকেই। টালিগঞ্জের নতুন বিধায়ক হিসাবে দায়িত্ব নিয়েছেন বিজেপির পাপিয়া অধিকারী। তিনি ইতিমধ্যেই ফেডারেশন অফিসেও গিয়েছেন। ইমপার ঘটনা অজানা নয় তাঁরও। গোটা ঘটনা নিয়ে bangla.aajtak.in-কে প্রতিক্রিয়া জানালেন টালিগঞ্জের বিধায়ক।
টালিগঞ্জের বিধায়ক হওয়ার সুবাদে বাংলা ইন্ডাস্ট্রির ভাল-মন্দ দেখার দায়িত্ব বর্তায় বিধায়কের ওপরই। শুক্রবার ইমপার বৈঠকে অশান্তি এবং পিয়া সেনগুপ্তের চেয়ার না ছাড়ার ঘটনাও অবগত পাপিয়া অধিকারীর। তিনি এই প্রসঙ্গে বলেন, এইসব না হলেই ভাল হতো। গণতান্ত্রিক পদ্ধতিতে যেটা করার সেটা তো করতেই হবে। সেটাই হবে। পিয়ার বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে, সেটা তিনি যথাযথ প্রমাণ দেখিয়ে নিজের সততা প্রমাণ করবে। না মানলে সেটা তাঁদের ওপর, কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে আইনতভাবে যেটা হওয়ার সেটাই হবে।
ইমপার এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে খুব বেশি সময় নেয়নি। যা বাংলা ইন্ডাস্ট্রিকে বেশ অস্বস্তিকর পরিস্থিতিতেই ফেলেছে। এ প্রসঙ্গে টালিগঞ্জের বিধায়ক বলেন, না, এটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য সত্যি কাম্য নয়। আসলে অরুপ ও স্বরূপ বিশ্বাসেরা এত অন্যায় করেছে যে মানুষ এখন ফুঁসছেন। সেটার প্রভাব কিছুটা ইমপার ওপর দিয়ে গেছে। তবে যেখানেই যা কিছু পরিবর্তন হবে, তা গণতান্ত্রিক পদ্ধতিতেই হবে, সেটা আমি নিশ্চিত।
বিধায়ক টালিগঞ্জের উন্নয়ন প্রসঙ্গে বলেন, টালিগঞ্জের বিধায়ক হিসাবে টলিউড তথা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির উন্নতি করতে আমি বদ্ধ পরিকর। সামনেই বর্ষা, ইতিমধ্যেই সেচ দফতর, কেএমসি, প্ল্যানিং ও ডেভলপমেন্ট দফতর, কাউন্সিলর সকলের সঙ্গে মিটিং করেছি ও জায়গাগুলো পরিদর্শন করেছি। বৃষ্টির সময় কীভাবে মোকাবিলা করতে পারি, সেই সব দিকগুলো দেখা হচ্ছে। এছাড়াও টালিগঞ্জের স্টুডিওগুলোর অবস্থাও বেহাল, একটু বৃষ্টিতেই জল জমে যায়, ফলে কলা-কুশলীদের কাজ করতে সমস্যা হয়। বিধায়ক জানিয়েছেন যে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে কথা বলে সেই স্টুডিওগুলোকেও ঠিক করতে হবে। এছাড়াও স্টুডিওর যে বিশাল জায়গা রাখে গাড়ি রাখারস সেটাকেও যদি একটু প্ল্যান করে করা যায়, যাতে গাড়িও রাখা যাবে এবং নতুন ফ্লোরও তৈরি করা যাবে, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
ইতিমধ্যে ইমপার সভাপতি পদ থেকে সরিয়ে প্রযোজক রতন সাহাকে অস্থায়ীভাবে পদে বসানো হয়েছে। শুক্রবার ধ্বনিভোটের মাধ্যমে নাম উঠে আসে রতন সাহার। যদিও পিয়ার মেয়াদ এখনও শেষ হয়নি। প্রযোজনা-পরিবেশকদের প্রধান মুখ শতদীপ সাহা জানিয়েছেন যে ইমপার নির্বাচনের পরই স্থায়ীভাবে সভাপতি নির্বাচিত হবে। ততদিন ইমপার দায়িত্বে থাকবেন রতন সাহা।