
মীর ও রাহুলআউটডোরে শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। দিঘার তালসারিতে ভোলে বাবা পার করেগা ছবির শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় তাঁর। সোমবার রাহুলের নিথর দেহ বিজয়গড়ে তাঁর বাড়িতে আসতেই সেখানে অনুরাগীদের ঢল নামে। ছিলেন টলিউড ও টেলিভিশনের তারকারও। ইন্ডাস্ট্রির সকল অভিনেতা-অভিনেত্রীকেই এদিন রাহুলের বাড়ি ও তাঁর শেষযাত্রায় দেখা গেলেও, সেখানে দেখতে পাওয়া যায়নি সঞ্চালক মীর আফসার আলিকে। অভিনেতার এমন মৃত্যুতে তিনি মর্মাহত অবশ্যই। তবে রাহুলকে শেষবারের মতো দেখতে এলেন না মীর, আর তার কারণও স্পষ্ট করে জানিয়ে দিলেন সোশ্যাল মিডিয়া পেজে।
মীর তাঁর ফেসবুকে একটি পোস্ট করেছেন রাহুলের মৃত্যু নিয়ে। যেখানে তাঁর স্পষ্ট দাবি তিনি ঘেন্নায় অভিনেতাকে শেষবাবের মতো দেখতে যাননি। আর তার সঙ্গে এও জানালেন যে রাহুলের মৃত্য়ু থেকে তাঁর কী কী প্রাপ্তি হল। মীর লেখেন, 'রাহুল অরুণোদয় ব্যানার্জির এভাবে চলে যাওয়া থেকে কয়েকটি ছোট প্রাপ্তি।
১) গুণী ব্যক্তির মরদেহ ঘিরে রাজনৈতিক মাথা এবং তাঁদেরই পায়ে বিক্রি হয়ে যাওয়া কিছু মানুষের হ্যাংলামির সেই চেনা ছবি। ২)শিল্পীর বাড়ির সামনে মাঝারি মাপের সার্কাস, যেটা দেখার পরই ঘেন্নায় আর বেরোলাম না শেষ শ্রদ্ধা জানাতে, কারণ অশেষ শ্রদ্ধা জানিয়ে ফেলতে মরিয়া আজব কিছু জনগণ। ৩) কিছু ঝাপসা কলাকুশলীদর এক্সপার্ট কমেন্ট রাহুলের অভিনয় দক্ষতা নিয়ে।' এই পোস্টের শেষে মীর সংযোজন করে লেখেন, 'আর কিছু কি মিস করে গেলাম?'
গতকাল রাহুলের শববাহী গাড়ি ঘিরে বাম সমর্থক ও কর্মীদের স্লোগান ও পদযাত্রা করা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাড় চলছে। আর মীরও যে নাম করে বাম দলকেই কটাক্ষ করেছেন তাঁর পোস্টে, সেটা বুঝতে অসুবিধা হচ্ছে না। বরাবরই স্পষ্ট কথা বলতে কোনওদিন পিছু পা হননি মীর। তিনিও ছিলেন অভিনেতা রাহুলের মতোই ঠোঁটকাটা। রাহুলের মৃত্যুর খবর পেয়ে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ মীর। রেডিওর সূত্রে, পডকাস্টের সূত্রে রাহুলের সঙ্গে বহুকাজ করেছেন তিনি। তাই রাহুলের সঙ্গে বন্ধুত্ব তাঁর বহুদিনের। সেই বন্ধুই যে এভাবে চলে যাবে তা যেন স্বপ্নেও ভাবতে পারেননি তিনি। আর মীরের সবচেয়ে হতবাক হওয়ার জায়গাই হল, রাহুলের মৃত্যুর পর তাঁর বাড়ির সামনের চিত্র!

রবিবার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ গোটা টলিউড। রবিবার বিকেলে ঠিক কী ঘটেছিল, কীভাবে সবার চোখের সামনে রাহুল তলিয়ে গেলেন, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। ময়নাতদন্তের রিপোর্টে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ফুসফুস ভরে গিয়েছিল জলে। পুলিশের তরফে এখনও রিপোর্টের বিষয়ে কিছু জানানো হয়নি। তবে হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, অভিনেতার ফুসফুস নোনাজলে ভরে গিয়েছিল। ঢুকে গিয়েছিল বালি। ফলে দমবন্ধ হয়ে যায়, থেমে যায় হৃদস্পন্দন, মৃত্যু হয় অভিনেতার।