অনুপম-প্রস্মিতাচলতি মাসেই মা-বাবা হয়েছেন গায়ক অনুপম রায় ও তাঁর গায়িকা পত্নী প্রস্মিতা পাল। গায়িকার কোল আলো করে এসেছে পুত্রসন্তান। যদিও প্রথম থেকেই অনুপম ও প্রস্মিতা এই সুখবরটি সকলের আড়ালেই রেখেছিলেন। একেবারে ১৭ অগাস্ট তারকা দম্পতি মা-বাবা হওয়ার পরই এই খবর সকলের সঙ্গে শেয়ার করে নেন। সন্তান জন্মানোর ৫ দিনের মাথাতেই ছেলেকে সকলের সামনে নিয়ে এলেন মা প্রস্মিতা। সঙ্গে নিজের প্রেগন্যান্ট অবস্থার ছবিও দিলেন।
শনিবার অনুপম-পত্নী দুটি ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে একটি ছবিতে তাঁকে দেখা যাচ্ছে স্ট্রাইপ ডিজাইনের ধূসর রঙের লং ড্রেস পরে রয়েছেন প্রস্মিতা। বেবি বাম্প একেবারে স্পষ্ট। চোখে-মুখে প্রেগন্যান্সি গ্লো এবং একগাল হাসি। আর দ্বিতীয় ছবিতে হাসপাতাল থেকে ছেলেকে বাড়িতে নিয়ে আসার মুহূর্তে গায়িকা। এই ছবি দুটো শেয়ার করে প্রস্মিতা লিখেছেন, আগে ও পরে, অধ্যায় আলাদা হলেও আনন্দটা একই। প্রতিটি মুহূর্তের জন্য আমি কৃতজ্ঞ। যদিও এখনও ছেলের নাম প্রকাশ করেননি অনুপম ও প্রস্মিতা।
প্রস্মিতা যে অন্তঃসত্ত্বা সে খবর টলিপাড়ায় অজানা কারোর ছিল না। তবে সন্তান জন্মের আগে পর্যন্ত তা প্রকাশ্যে আনেননি গায়ক দম্পতি। প্রস্মিতার প্রেগন্যান্সির খবর কাকপক্ষীতেও টের পায়নি। আগামী ১৭ অগাস্ট অনুপম ও প্রস্মিতা তাঁদের সন্তান আসার খবর শেয়ার করে নেন সকলের সঙ্গে। বাড়িতে এসে গিয়েছেন নতুন মা ও সদ্যোজাত। একরত্তির কানে ইতিমধ্যেই প্রবেশ করেছে তার বাবা ও মায়ের গানের সুর। এ সব নিয়েই মেতে পরিবার।
এখনও সদ্যোজাতর নাম ঠিক হয়নি। তা নিয়েই চলছে বিস্তর আলোচনা। ছেলের নাম ঠিক হলেই তা প্রকাশ্যে নিয়ে আসা হবে। ২০২৪ সালের মার্চ মাসে ব্যক্তিগত পরিসরে ছিমছাম করেই বিয়ে সারেন অনুপম ও প্রস্মিতা। তার একবছর আগেই বিয়ে করেন অনুপমের প্রাক্তন স্ত্রী পিয়া ও পরমব্রত। গত বছর জুনে পুত্র সন্তানের অভিভাবক হয়েছেন পরম ও পিয়া। এবার অনুপম ও প্রস্মিতার কোলেও এল ছেলে।