গীতশ্রী রায়ছোটপর্দার চেনা মুখ গীতশ্রী রায়। একাধিক সিরিয়ালে তাঁকে দেখা গিয়েছে। একটা সময়ে প্রধান চরিত্রে অভিনয় করলেও, এখন তাঁকে পার্শ্বচরিত্রেই বেশি দেখা যায়। 'রাশি তার নাম' সিরিয়ালে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল গীতশ্রীকে। তাঁকে শেষবার পর্দায় দেখা যায় 'শুভ বিবাহ' সিরিয়ালে। আর এরপরই নিজের স্বপ্ন পূরণ করতে ছুটে যান হৃষিকেষে। অভিনয় ছেড়ে এবার কি তাঁকে যোগগুরুর ভূমিকায় দেখা যাবে? সোশ্যাল মিডিয়ায় সেরকমই ইঙ্গিত মিলল। যোগগুরু হয়ে ওঠার জন্য গীতকে মেনে চলতে হয়েছে কঠোর নিয়ম। সবটাই অভিনেত্রী জানিয়েছেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে।
এই যোগগুরু হয়ে ওঠার পিছনে গীতশ্রীর কঠোর পরিশ্রম রয়েছে। কাকভোরে ওঠা থেকে শুরু করে নিয়মিত পড়াশোনা, অনুশীলনের মধ্যেই নিজেকে ডুবিয়ে রেখেছিলেন নায়িকা। শুধু তাই নয়, বাঙালির প্রিয় সব খাবার থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছিলেন তিনি। একেবারে সাত্ত্বিক খাবার খাওয়া তাঁর জন্য ছিল একরকম চ্যালেঞ্জ। বেশ অনেকদিন ধরেই গীতশ্রী হৃষিকেশে ছিলেন। শুভ বিবাহ শেষ হতেই অভিনেত্রী পরিবারকে ছেড়ে হৃষিকেশের এই যোগা কেন্দ্রে চলে এসেছিলেন। সেখান থেকেই বেশ কিছু ছবি শেয়ার করেন তিনি।
পরনে সাদা রঙের জামদানি, সঙ্গে গোলাপি রঙের স্লিভলেস ব্লাউজ, গলায় গাঁদা ফুলের মালা, মুখে চওড়া হাসি। হাতে ধরা সার্টিফিকেট। এই ছবি শেয়ার করে গীতশ্রী লেখেন, আজ থেকে আমি গর্বের সঙ্গে নিজেকে একজন যোগগুরু বলতে পারি। তবে এই যাত্রাটা মোটেই খুব একটা সহজ ছিল না। নিজের স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বেরিয়ে প্রতিদিন ভোর পাঁচটায় ঘুম থেকে উঠে একের পর এক ক্লাস করা, ঘণ্টার পর ঘণ্টা পড়াশোনা ও অনুশীলন এগুলো যথেষ্ট কঠিন। আর এভাবেই আমাকে সব পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। এর পাশাপাশি অভিনেত্রী এও জানান যে তাঁর বাঙালি হয়েও পেঁয়াজ-রসুন ছাড়া সম্পূর্ণ সাত্ত্বিক খাবারে অভ্যস্ত হওয়া ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে এই কঠিন নিয়মের মধ্যে থেকে তাঁকে যেতে হলেও গীতশ্রী তাঁর নিজের লক্ষ্যে পৌঁছাতে পেরে রীতিমতো আপ্লুত।
প্রসঙ্গত, মেগা শেষ হতেই যোগগুরু হওয়ার লক্ষ্যে হৃষিকেশ পাড়ি দিয়েছিলেন গীতশ্রী রায়। পঁচিশ দিন সেখানে থেকে আমিষ খাবার ছেড়ে নিজের ইচ্ছেপূরণ করলেন অভিনেত্রী। যোগগুরু হিসাবে এবার অভিনেত্রী তাঁর পরবর্তী পদক্ষেপ শুরু করবেন। জানা গিয়েছে, ১ মে থেকে প্রশিক্ষণ শুরু হয়, যা বেশ কঠিন ছিল। তবে আগামী দিনে গীতশ্রী যোগ প্রশিক্ষক হবেন কিনা, তা এখনই নিশ্চিত করে বলতে পারছেন না। ধারাবাহিক শেষ হওয়ার পরে প্রথম দু’মাস প্রেমিক প্রবীর দাসের কাছে গোয়ায় ছিলেন গীতশ্রী। তার পর হৃষীকেশ চলে যান এই প্রশিক্ষণ নিতে। প্রায় তিন মাস পরে কলকাতায় ফিরেছেন। এখনই নতুন কোনও ধারাবাহিক শুরু করার পরিকল্পনা নেই, জানিয়েছেন তিনি। আপাতত এক মাস এই যোগ বাড়িতে অনুশীলন করতে চান।