বেঙ্গল ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল নন্দনেএই মুহূর্তে চর্চার কেন্দ্রে রয়েছে Gen-Z। দিল্লি থেকে কলকাতা সহ দেশের একাধিক রাজ্যে নতুন এই প্রজন্ম বুঝিয়ে দিয়েছে, তারা চাইলে কি না করতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই Gen-Z-দের প্রাধান্য দেওয়ার কথা বারবার বলেছেন। এবার এই Gen-Z-দের নিয়েই চিন্তাভাবনা করছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। এমনিতেই ইন্ডাস্ট্রিতে নতুনদের কাজ পাওয়া নিয়ে অভিযোগ বরাবরই ছিল। বিশেষ করে নতুন পরিচালকেরা কাজ পাওয়ার আশায় চক্কর কেটে যায় টলিপাড়ায়। এবার সেই সমস্ত অচলায়তন ভাঙতে এবং তরুণ প্রতিভাদের ডানা মেলতে এক ছাতার তলায় আসছে টলিপাড়ার শীর্ষ নেতৃত্ব। নন্দনে আয়োজিত হতে চলেছে বিশেষ বেঙ্গল ইউথ ফিল্ম ফেস্টিভ্যাল। কবে থেকে শুরু হচ্ছে এই উৎসব?
জানা গিয়েছে, আগামী ২৮ অগাস্ট থেকে শুরু হবে এই উৎসব, যা চলবে ৩০ অগাস্ট পর্যন্ত। শর্ট ফিল্ম থেকে শুরু করে তথ্যচিত্র, নতুন প্রজন্মের ক্যামেরার চোখে ফুটে ওঠা নানা গল্প এবার জায়গা করে নেবে নন্দনের পর্দায়। এই উদ্যোগ নেওয়ার জন্য একজোট হয়েছেন বিদোন ও রাজনীতির জগতের মানুষেরা। উৎসবের চিফ প্যাট্রন বা প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্বে রয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। চেয়ারম্যানের গুরুদায়িত্ব সামলাচ্ছেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জেনারেল সেক্রেটারি পদে রয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। উৎসবের অধ্যক্ষ বা প্রেসিডেন্টের ভূমিকায় রয়েছেন প্রীতম সরকার।
নন্দনে আয়োজিত এই চলচ্চিত্র উৎসবে মূলত ৪০ বছরের কম বয়সী পরিচালকদের কাজ দেখানো হবে বলেই জানা গিয়েছে। একটি ভিডিও বার্তায় নতুন প্রজন্মের পরিচালকদের চলচ্চিত্র উৎসবে আহ্বান জানালেন তিনি। এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন যে ভাল কাজ যারা করছেন, তাদের সুযোগ দেওয়াই উদ্দেশ্য।
এক ভিডিও বার্তায় অগ্নিমিত্রা পাল বলেন, এই বেঙ্গল ফিল্ম ফেস্টিভ্যাল মূলত আমাদের যারা Gen-Z নির্মাতারা রয়েছে, পরিচালকরা রয়েছে, যাদের যোগ্যতা রয়েছে কিন্তু যে কোনও কারণেই হোক ঠিক মতো সুযোগ পায় না। বিশেষ করে তাদের জন্যই এই ফিল্ম ফেস্টভ্যালের আয়োজন করা হয়েছে। কলকাতা শহর কিংবা তার বাইরে, যে সব তরুণ পরিচালক নিজের তাগিদে ছবি বানাচ্ছেন, তাঁদের সবার জন্য এটি এক বিরাট সুযোগ, বলে জানিয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই উৎসব থেকে তরুণ প্রতিভারা উঠে আসবে বলেই আশাবাদী বিদোন জগত।