
অদিতি-দেবরাজবুধবারই পুরুলিয়া থেকে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা দেবরাজ চক্রবর্তী। আর্থিক অনিয়ম ও আয়ের তুলনায় অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি সংক্রান্ত মামলায় এসটিএফ তাঁকে গ্রেফতার করে। দেবরাজের স্ত্রী অদিতি মুন্সি জনপ্রিয় কীর্তন শিল্পী তথা রাজারহাটের বিধায়কও। তাঁর মিষ্টি কন্ঠের স্বর সর্বদাই মন জয় করেছে সকলের। দেবরাজ গ্রেফতারের পরই তাঁর ও অদিতির ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেঁড়া শুরু হয়। কীভাবে দেবরাজের সঙ্গে বিয়ে হয় অদিতির?
অদিতির কীর্তনে মুগ্ধ দেবরাজ
২০১৫ সালে সারেগামাপা-এর প্রতিযোগী ছিলেন। জয়ী না হয়েও, তাঁর সুরেলা কন্ঠের জাদুতে মজে ছিলেন সকলেই। বিশেষ করে ভক্তিমূলক গান গেয়েই তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিলেন। র আগে তাঁর মতো করে এতটা বিপুলভাবে সারেগামাপা-র মঞ্চে কেউ কীর্তন গাননি। ফলে খুব তাড়াতাড়ি লাইম লাইটে চলে আসেন অদিতি। সেই সময় অদিতির কীর্তন ও ভক্তিমূলক গান শুনে মুগ্ধ হয়েছিলেন বিধাননগরের কাউন্সিলর তথা তৃণমূল নেতা দেবরাজ। সেই সময় বিধাননগর সহ রাজারহাট-বাগুইআটিতে বিরাট দাপট দেবরাজের।

পাঠাতেন নানান উপহার
গান শুনে মুগ্ধ হতেই অদিতির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা শুরু করেন তিনি। প্রথমদিকে অবশ্য দেবরাজের কোনও ফোনেরই উত্তর দেননি অদিতি। একজন রাজনীতিকের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে তিনি আগ্রহী ছিলেন না বলেই জানা যায়। কিন্তু তাতেও দমে যাননি দেবরাজ। অদিতির মন পাওয়ার জন্য প্রায়ই তাঁর বাড়িতে নানান উপহার পাঠাতেন তৃণমূল নেতা। কখনও ফুলের তোড়া, ফটো ফ্রেম। উপহার পেয়ে ভালই লাগতো গায়িকার। তবে কেন দেবরাজ ফুলের তোড়া, উপহার দিচ্ছেন, সেটাই বোঝার চেষ্টা করেন তিনি। ততদিনে অদিতি যে দেবরাজের মন জয় করে ফেলেছেন তা জেনেও জানতে পারেননি গায়িকা। দেবরাজ অদিতির বাড়িতেও যাতায়াত শুরু করেন এবং পরিবারের সদস্যদের মন জয় করতে সফল হন।
দেখাশুনা করে বিয়ে
যদিও অদিতি ও দেবরাজের বিয়ে লাভ নয়, বরং অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। তবে বিয়ের ব্যাপারে একটু পুরনো পন্থি দেবরাজ-অদিতি, দু’জনেই৷ ফলে বাড়ির লোকের সঙ্গে কথা বলে অদিতিকে বিয়ের প্রস্তাব পাঠান তৃণমূল নেতা। দেখাশুনা করে তাঁদের বিয়ে হয়। ২০১৮ সালে কলকাতার ইকো পার্কে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে হয় তাঁদের। বিয়ের পর তাঁদের সুখের সংসার ছিল। এরই মধ্যে ২১-এর বিধানসভা নির্বাচনে রাজারহাটের বিধায়ক পদে জয়ী হন অদিতি। সরকারি বিভিন্ন অনুষ্ঠানে গানের অনুষ্ঠান যেমন করতেন তেমনি লাইভ কনসার্টও। দেশ-বিদেশেও যেতেন অদিতি। যদিও বিধায়ক হওয়ার পর তাঁর বিরুদ্ধে এলাকার কোনও কাজ না করার একাধিক অভিযোগ ছিল।

পুত্রসন্তানের মা-বাবা
বিয়ের ৮ বছর পর চলতি বছরের জানুয়ারিতে ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন অদিতি। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পেলেও জয়ী হতে পারেননি অদিতি। শুধু দেবরাজের দিকেই আঙুল ওঠেনি। অদিতির উপরেও ঝুলছে খাঁড়া। ২০২৬ সালের জুলাই মাসে আর্থিক অনিয়ম ও আয়ের তুলনায় অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তির অভিযোগে পশ্চিমবঙ্গ এসটিএফ দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করেছে। এই একই মামলায় নাম জড়িয়েছে দেবরাজের স্ত্রী অদিতি মুন্সী। যদিও সদ্যোজাত সন্তান থাকায় আদালত তাঁর আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে।