জয়া আহসানএপার এবং ওপার বাংলার জনপ্রিয় নায়িকা জয়া আহসান। তাঁর অভিনয় বরাবরই দর্শককে মুগ্ধ করেছে। কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'আজও অর্ধাঙ্গিনী' ছবিতে জয়া চিনিয়ে দিয়েছেন তিনি জাত অভিনেত্রী। বড়পর্দাতেই জয়াকে এতদিন দেখতে অভ্যস্ত সকলে। তবে এবার নায়িকার ভক্ত-অনুরাগীদের জন্য সুখবর। বড়পর্দার পর এবার ছোটপর্দাতেও দেখা মিলবে নায়িকার। কিন্তু কোথায় দেখা যাবে জয়াকে?
সিরিয়াল কিংবা সঞ্চালক হিসাবে নয়, বরং এক রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি হিসাবে থাকবেন এই লাস্যময়ী নায়িকা। অনুষ্ঠানটি হল সান বাংলার 'লাখ টাকার লক্ষ্মীলাভ'। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এই শোয়ের উপস্থাপক। জানা গিয়েছে, আগামী ৩১ জুলাই সন্ধে ৭টায় সম্প্রসারিত হবে এই লাখ টাকার লক্ষ্মীলাভ-এর বিশেষ পর্ব। সেখানেই দেখা যাবে জয়াকে। জানা গিয়েছে, সুদীপ্তা ও জয়ার শ্যুটিং ইতিমধ্যেই হয়ে গিয়েছে। হাসি-আড্ডায় অন্য প্রতিযোগীদের সঙ্গে মেতে উঠেছিলেন অভিনেত্রী। জয়া আহসানকে কাছে পেয়ে আপ্লুত প্রতিযোগীরাও।
সুদীপ্তা নিজেও জয়ার সঙ্গে একটি ছবি শেয়ার করে এই খবরে সিলমোহর দিয়েছেন। এর আগে কখনও জয়াকে কোনও রিয়্যালিটি শোতে অংশ নিতে দেখা যায়নি। তাই বলা চলে এটাই প্রথমবার। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এই শোটি মহিলাকেন্দ্রিক। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এতে অংশ নেন। বাকিদের সঙ্গে ভাগ করে নেন তাঁদের জীবনযুদ্ধের গল্প। এছাড়া থাকে নানারকম খেলা। যা সঠিকভাবে খেলতে পারলেই লক্ষ্মীলাভ হয়। বিশেষ পর্বে বাংলার মেয়েদের এই লড়াইয়ের গল্প শুনে তাঁদের কুর্নিশ জানান জয়া। এভাবেই এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগান। অনুরাগীরা যে নতুন রূপে অভিনেত্রীকে দেখার জন্য উদগ্রীব তা বলার অপেক্ষা রাখে না।
প্রসঙ্গত, আজও অর্ধাঙ্গিনী ছবিতে বাকিদের পাশাপাশি আবারও দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জয়া আহসান। সান বাংলার পক্ষ থেকে জয়ার এই বিশেষ পর্বের প্রোমো সামনে নিয়ে আসা হয়েছে। যেখানে নায়িকাকে সকলের সঙ্গে পা মেলাতেও দেখা যাবে। জয়ার এই রূপ আগে কেউ দেখেননি বলেই মনে করা হচ্ছে। জয়াও এই শোতে অংশ নিতে পেরে ভীষণ খুশি, তা বলার অপেক্ষা রাখে না।