নন্দনে মুক্তি পাচ্ছে 'অপরাজিত'জিতু কমলের কেরিয়ারের মোড় ঘুরিয়েছিলেন প্রয়াত পরিচালক অনীক দত্ত। তাই তাঁর আকস্মিক মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়েছিলেন অভিনেতা। পরিচালক অনীক দত্তের মাইলস্টোন ছবি 'অপরাজিত'-তে প্রধান চরিত্রে দেখা গিয়েছিল জিতু। যদিও সেই সময় বামপন্থী পরিচালকের এই ছবি তৎকালীন সরকার পরিচালিত সিনেমাহল নন্দনে দেখানো হয়নি। মমতা সরকারের ঝামেলার খেসারত দিতে হয়েছিল 'অপরাজিত'-র টিমকে। তবে মাথানত করতে রাজি ছিলেন না পরিচালক। তবে পরিচালকের মৃত্যুর পর নন্দনে নতুন করে মুক্তি পাবে 'অপরাজিত'। ইতিমধ্যেই এই ছবির প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস কমিউনিকেশনসের পক্ষ থেকে জানানো হয়েছে এই সুখবর। যার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন জিতু।
এদিন ফ্রেন্ডস কমিউনিকেশনসের পক্ষ থেকে জানানো হয় 'অপরাজিত' ফিরছে নন্দনে। আগামী ৫ থেকে ৭ জুন নন্দন প্রেক্ষাগৃহে দেখানো হবে অনীক দত্তের এই ছবি। বুক মাই শো-তে টিকিট বুকিংও শীঘ্রই শুরু হবে। জিতু কমল তাঁর ছবির পোস্টার সোশ্যাল মিডিয়া শেয়ার করে ক্যাপশনে লেখেন, ধন্যবাদ শুভেন্দু অধিকারী। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ তৈরির নেপথ্য কাহিনী নিয়ে তৈরি এই ছবির নন্দনে শো না পাওয়া নিয়ে কম রাজনৈতিক তরজা হয়নি। ২০২২ সালে যখন এই ছবি মুক্তি পায়, তখন নন্দনে ঠাঁই পায়নি। পরবর্তীতে একবার একটি ফিল্ম ফেস্টিভ্য়ালের সুবাদে নন্দনে দু-দিনের জন্য প্রদর্শিত হয়েছিল অপরাজিত।
তবে ছাব্বিশের নির্বাচনে রাজ্যে প্রত্যাবর্তনের পর টলিউডের চিত্র একেবারে বদলে গিয়েছে। তারওপর অনীক দত্তের আকস্মিক মৃত্যুর পর তাঁকে শ্রদ্ধা জানানোর এর চেয়ে ভাল সুযোগ আর কি হতে পারে বিজেপি সরকারের। নন্দন প্রেক্ষাগৃহে আবারও রি-রিলিজ হতে চলেছে এই ছবি। অনীক দত্তের মৃত্যুর পর বিজেপি সরকার জানিয়েছিল, পরিচালককে শ্রদ্ধা জানাতে নন্দনে ফিরবে তাঁর ছবি। সেইমতোই ৫ই জুন মুক্তি পাবে অপরাজিত। এই খবর সামনে আসতেই আবেগঘন হয়ে পড়লেন পর্দার ‘সত্যজিৎ রায়’ ওরফে অভিনেতা জিতু কমল।
রাজ্যে বিজেপি সরকার আসতেই বাংলা ইন্ডাস্ট্রির খোল নলচে একেবারে বদলানোর মুখে। নবান্নে নতুন মুখ্যমন্ত্রী বসার পরই ‘অপরাজিত’ ছবিটিকে সসম্মানে নন্দনে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা টলিউডের স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের কাছে এক বিরাট জয় বলে মনে করা হচ্ছে। ৫ থেকে ৭ই জুন নন্দনে দেখানো হবে অপরাজিত। জিতু জানিয়েছেন, অপরাজিতকে নন্দনে ফেরাতে তিনি নিজে শুভেন্দু অধিকারীকে মেসেজ করেছিলেন। সোমবারও তিনি খোঁজ নেন এই বিষয়ে। আর তারপরই জানা গেল যে নন্দনে ফিরতে চলেছে অনীকের অপরাজিত।