জিতু কমলজিতু কমলের নাম করে টাকা চাওয়ার অভিযোগ। অভিনেতা নিজেই এই বিষয়ে সকলকে সতর্ক করেছেন। শুধু তাই নয়, অনেকের কাছেই নাকি গিয়েছে অশালীন প্রস্তাবও। জিতু এই বিষয়ে চুপ না থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সকলকেই এই ব্যাপারে সতর্ক করেছেন। আইনি ব্যবস্থাও নেবেন বলে জানিয়েছেন অভিনেতা। ঠিক কী ঘটেছে জিতুর সঙ্গে?
বুধবার জিতু তাঁর ফেসবুক পেজের মাধ্যমে যে পোস্টটি শেয়ার করেছেন সেখানে অভিনেতা লিখেছেন, 'যদি কেউ মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ বা ফোনে আমার প্রতিনিধি সেজে আপনার সঙ্গে যোগাযোগ করে এবং আমার নামে টাকা, উপহার বা কোনও মূল্যবান জিনিস চায়, আমার নাম করে অশালীন প্রস্তাব দেয়, দয়া করে তাদের পাত্তা দেবেন না। কেউ এই ধরনের অনুরোধে সাড়া দেবেন না।' জিতু এও বলেন, যদি কারও সঙ্গে ইতিমধ্যেই এধরণের ঘটনা ঘটে থাকে তাহলে তা যেন সরাসরি তাঁকে জানানো হয়।
অভিনেতার দাবি অনুযায়ী, প্রতারকরা তাঁর ম্যানেজার বা বন্ধু সেজে বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করছে। জিতু বলেন, 'কিছুদিন আগে কলকাতার একজন সুপরিচিত শিল্পী এবং একজন বিশিষ্ট অভিনেত্রীর পরিবার থেকে ৫০,০০০ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে।' অভিনেতা খুব শীঘ্রই আইনত ব্যবস্থা নেবেন বলেও জানান। তবে এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে, সে বিষয়ে খোলসা করে জিতু কিছু বলেননি। জিতুর এই পোস্টে অনেকেই অভিনেতাকে ধন্যবাদ জানিয়েছেন। এর আগেও বেশ কিছু তারকার সঙ্গে এ ধরনের সাইবার ক্রাইমের ঘটনা ঘটেছে। কারোর ফেসবুক হ্যাক আবার কারোর হোয়াটসঅ্যাপ হ্যাক আবার কেউ কেউ তারকাদের নামে ফেক অ্যাকাউন্ট খুলেও প্রতারণা চালিয়েছে।
প্রসঙ্গত, মাসখানেক হল 'জিতু কমল অ্যান্ড দ্য ইউনিভার্স সোশ্যাল ট্রাস্ট' নামের একটি এনজিও খুলেছেন অভিনেতা। স্বামী বিবেকানন্দের আদর্শ এবং 'দরিদ্র সেবাই শিবের শ্রেষ্ঠ পুজো'—এই বাণীকে অনুপ্রেরণা করে, দুস্থ মানুষদের সহায়তা, টলিপাড়ার কলাকুশলীদের পাশে থাকা, বিনামূল্যে স্বাস্থ্য শিবির করা, কর্মসংস্থান তৈরি এবং পরিবেশ সংরক্ষণের মতো নানা কল্যাণমূলক কাজ পরিচালনা করতেই এই উদ্যোগ। জীতুকে এই কারণে চিঠি লিখে শুভেচ্ছাবার্তা পাঠান অভিনেতা জিৎ-ও। আপাতত জিতুর ভক্তরা মুখিয়ে আছেন সৃজিত মুখোপাধ্যায়ের নতুন সিনেমা 'মহারাজা তোমারে সেলাম'-এর জন্য। যেখানে 'মহারাজা তোমারে সেলাম'-এ সত্যজিৎ রায়ের চরিত্রে অভিনয় করছেন জিতু কমল।