দেবাদৃতার বিপরীতে দেখা যাবে না পরমকেমাত্র কয়েক দিন আগেই শুরু হয়েছে 'কমলা নিবাস'। আর ইতিমধ্যেই দর্শকদের ভালোবাসা পেতে শুরু করে দিয়েছে এই সিরিয়াল। এই সিরিয়ালের হাত ধরেই ফের ছোটপর্দায় ফিরেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর বিপরীতে দেখা যাচ্ছে ছোটপর্দার চেনা মুখ দেবাদৃতা বসুকে। কমলা নিবাস-এর গল্প অনুযায়ী, বিয়ে হওয়ার কথা চলছে পরম ও দেবাদৃতার। কিন্তু টেলিপাড়ার গুঞ্জন অনুযায়ী, পরমব্রত নাকি দেবাদৃতার নায়ক নন। তাহলে কাকে দেখা যাবে পল্লবীর বিপরীতে?
শোনা যাচ্ছে, পরমব্রত নন বরং আগামী দিনে অন্য নায়কের সঙ্গে জুটি বাঁধবেন দেবাদৃতা। আর অভিনেতা হলেন ঋদ্বিষ চৌধুরী। ইতিমধ্যেই ধারাবাহিকে ঋদ্ধিষের ঝলক দেখানো হয়েছে। কমলা নিবাস-এর গল্পের প্লট অনুযায়ী, পল্লবীর কুষ্ঠিতে যেহেতু দোষ রয়েছে, তাই সৌরভের সঙ্গে বিয়ে হতে গিয়ে একটা অঘটন ঘটবে। আর তারপরেই ঋদ্ধিষের সঙ্গে পল্লবীর জুটি দেখানো হবে। এই সিরিয়ালে ঋদ্ধিষের চরিত্রের নাম আদিত্য়।
প্রসঙ্গত, কমলা নিজের মেজ মেয়ের বিয়ে নিয়ে ভীষণ চিন্তিত এমনটাই দেখানো হয়েছিল ধারাবাহিকে। এরপর সৌরভের বাড়ির তরফ থেকে সম্বন্ধ এলে প্রথমে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গেলেও পরে পল্লবীর বাড়ির সকলে এই বিয়ের জন্য রাজি হয়ে যান। পল্লবী ও সৌরভের বিয়ের আগে নাকি বিয়ের দিনই কোনও অঘটন ঘটবে, তা এখনও কিছু জানা যায়নি। যদিও দর্শকেরা পল্লবী ও সৌরভের জুটিকে খুবই পছন্দ করতে শুরু করে দিয়েছিলেন।
ছোটপর্দায় পরমব্রত ফিরলেও তিনি যে ক্যামিও বা অতিথি শিল্পী হিসাবে অভিনয় করছেন, তা একেবারেই স্পষ্ট করে দিয়েছিলেন প্রথম থেকেই। যদিও পরমব্রতকে আবার এত বছর পর টেলিভিশনে ফিরতে দেখে দর্শকদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। কিন্তু শেষ পর্যন্ত পরমব্রত থাকছেন না, দেবাদৃতার সঙ্গে নায়ক হিসাবে দেখা যাবে ঋদ্ধিষ চৌধুরীকে। গত ১৩ এপ্রিল থেকে শুরু হয়েছে জি বাংলায় এই সিরিয়াল। পরমব্রত-দেবাদৃতা ছাড়াও এই সিরিয়ালের প্রধান আকর্ষণ হল সোহিনী সেনগুপ্ত (কমলা) ও দেবশঙ্কর হালদার (শ্রীনিবাস)। এই সিরিয়ালে দেখানো হবে, ভাড়া বাড়িতে বছরের পর বছর কাটানোর পর কীভাবে কমলা ও শ্রীনিবাস নিজেদের বাড়ি তৈরি করেন অল্প অল্প করে পুঁজি জমিয়ে। প্রতিদিন সন্ধে সাড়ে ছটা থেকে এই সিরিয়াল সম্প্রচার হয়।