শ্রীময়ী চট্টোরাজসদ্য দ্বিতীয় সন্তানের মা হয়েছেন অভিনেত্রী শ্রীময়ী চট্টোরাজ। শনিবারই পুত্রসন্তান এসেছে কাঞ্চন মল্লিক ও শ্রীময়ীর ঘরে। তাঁদের এখন চারজনের পরিবার। মা ও সদ্যোজাত দুজনেই সুস্থ রয়েছেন বলেই জানা গিয়েছে। হাসপাতালের বেডে শুয়ে শ্রীময়ী জানালেন ছেলের ডাকনাম তিনি কী রাখলেন। এরই সঙ্গে দিদি কৃষভি তার ভাইকে দেখে কী প্রতিক্রিয়া দিল সেটা জানাতেও ভুললেন না মা শ্রীময়ী।
২০২৪ সালে কাঞ্চন ও শ্রীময়ীর বিয়ের পর সেই বছরের নভেম্বরেই কৃষভির জন্ম হয়। মেয়ে জন্মানোর আগে পর্যন্ত শ্রীময়ী তাঁর প্রেগন্যান্সির কথা কাউকে জানাননি। গোপনীয়তা বজায় রেখেছিলেন গোটা প্রেগন্যান্সির সফর ঘিরে। সেই একই পন্থা অনুসরণ করেছেন দ্বিতীয় সন্তান আসার আগেও। টলিউডে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা গেলেও, বিষয়টি একেবারেই এড়িয়ে গিয়েছিলেন এই তারকা দম্পতি। শনিবার হঠাৎ করেই কাঞ্চন ও শ্রীময়ী তাঁদের পরিবারে চতুর্থ সদস্য আসার কথা ঘোষণা করেন। রবিবার হাসপাতালের বেডে শুয়ে জানিয়ে দিলেন তিনি তাঁর ছেলের ডাকনাম কী রাখলেন।
শ্রীময়ী তাঁর ফেসবুকে এক ভিডিওর মাধ্যমে বলেন, কালকে গদাই হয়েছে, গদাই মানে আমার ছেলেকে নাম দিয়েছি গদাই, ডাকনাম। এরই সঙ্গে শ্রীময়ী এও জানান যে তাঁর মেয়ে ভাইকে দেখতে এসেছে। ছোট্ট কৃষভির মুখ দেখে বোঝাই যাচ্ছিল যে সে ভাইকে পেয়ে ভীষণ খুশি হয়েছে। শ্রীময়ী এরই সঙ্গে এটাও জানিয়েছেন যে কৃষভির ডাকনাম গোপী। সব মিলিয়ে শ্রীময়ী দ্বিতীয় সন্তানের জন্ম দিয়ে ভীষণ খুশি তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
কন্যা কৃষভির দেড়বছরের মাথায় এবার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। নতুন অতিথির আগমনে স্বাভাবিকভাবেই আনন্দে ভাসছে গোটা পরিবার। শ্রীময়ীকে সাধ খাইয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। সেই মুহূর্তের ছবি পোস্ট করে শ্রীময়ী জানিয়েছেন যে দ্বিতীয় সন্তান নেওয়ার সাহস তাঁকে ঋতুপর্ণাই জুগিয়েছেন। দীর্ঘ পোস্টে শ্রীময়ী জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচিত মানুষের অভাব নেই, কিন্তু প্রকৃত বন্ধু বলতে ঋতুপর্ণা সেনগুপ্তকেই মনে করেন।অভিনেত্রী জানান, দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রথমে স্বামী কাঞ্চন মল্লিক এবং বাবা-মাকে জানানোর পরই ফোন করেছিলেন ঋতুপর্ণাকে। যদিও সেই আনন্দের খবরের সঙ্গে ছিল একরাশ দুশ্চিন্তাও। কারণ, কন্যা কৃষভি তখনও খুব ছোট। ফলে এত তাড়াতাড়ি দ্বিতীয় সন্তানের দায়িত্ব নেওয়া নিয়ে মানসিক টানাপোড়েনে ভুগছিলেন তিনি। সেই কঠিন সময়ে ঋতুপর্ণার কথাই তাঁকে নতুন সাহস জুগিয়েছিল।