রাজ চক্রবর্তী, কৌস্তভ বাগচির গানের পর কী বললেন মুখ্যমন্ত্রী'পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে...'। পৃথিবী না বদলালেও রাজ্যের সার্বিক পরিবেশ যে বদলে গিয়েছে, তার প্রমাণ এবার মিলল সাংস্কৃতিক জগতেও। উত্তম কুমারের জন্মশতবর্ষের অনুষ্ঠানে মঞ্চে একসঙ্গে গান গাইলেন কৌস্তভ বাগচি এবং রাজ চক্রবর্তী। মাত্র কয়েক মাস আগেও যুযুধান এই দু'পক্ষ একে অপরের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক কটাক্ষ ছুড়ে দিচ্ছিলেন ভোটের লড়াইয়ে। তাঁরাই গলা মেলালেন উত্তম কুমারের সিনেমার গানে। আবার পিঠ চাপড়ে দু'জনেক প্রশংসাও করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিরল এই চিত্র দেখা গেল বৃহস্পতিবার সন্ধ্যায় নন্দনে।
'মেলালেন তিনি মেলালেন'। সত্যিই মিলিয়ে দিলেন উত্তম কুমার। তাঁকে উদযাপন করতে নতুন সরকারের অনুষ্ঠানে হাজির হলেন রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী, ইন্দ্রানী হালদার, দেবলীনা কুমারের মতো একাধিক কলাকুশলীরা। যাঁদের মাস চারেক আগেও দেখা যেত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। এমনকী BJP-র বিরুদ্ধে ভোটের প্রচারেও নেমেছিলেন এদের অনেকে।
রাজ চক্রবর্তীর সঙ্গে গান গেয়ে কৌস্তভের বক্তব্য, 'রাজ চক্রবর্তী আমার বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু উনি তো ইন্ডাস্ট্রির একজন। সেখানে আমরা ওরা কেন করব? অনেক এমন তারকারা আজ এখানে এসেছেন যাঁরা ২১ জুলাই মা মাটি মানুষের মঞ্চে বসে থাকতেন। এই মুখ্যমন্ত্রী আগেকার মুখ্যমন্ত্রীর মতো নন। উনি সাংস্কৃতিক জগতে আমরা ওরা ব্যাপারটা রাখতে চান না। তিনি সবার মুখ্যমন্ত্রী। এটা অন্য মঞ্চ হলে আমিও সখ্যতার পক্ষপাতি নই। এটা রাজনৈতিক মঞ্চ নয়, সাংস্কৃতিক মঞ্চ আর আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশেই চলি। উনি যেখানে বিভাজন মুছে দিয়েছেন সাংস্কৃতিক জগতের, আমরা কেন বিভেদ রাখব। যদি পরিবর্তন হওয়ার পরও আমরা ওরা বিভেদ থাকে, তাহলে কীসের পরিবর্তন?'
শুধু রাজ চক্রবর্তীই নন, কাঞ্চন মল্লিককে সস্ত্রীক দেখা গেল অনুষ্ঠান শেষে কৌস্তুভকে এসে গানের জন্য প্রশংসায় ভরিয়ে দিতে।
উত্তম কুমারকে উদযাপন করার মঞ্চে টলিউড ইন্ডাস্ট্রির অগ্রগতির জন্য রাজ্য সরকার সর্বদা শিল্পীদের পাশে থাকবে বলে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘টলিউডের অমৃতকাল আবার ফিরিয়ে আনতে হবে। এটাই হোক আজকের সন্ধ্যায় আমাদের সকলের অঙ্গীকার। আপনারা গড়ুন। রাজ্য সরকার দু’হাত দিয়ে আপনাদের সঙ্গে থাকবে। কোথায় কী করতে হবে শুধু বলুন। বাজেট, ছাড়পত্র, আইন— যা লাগবে সরকার করবে।’
মহানায়কের স্মরণে কলকাতার নন্দন চত্বর থেকে শুরু হয় বিশেষ এক পদযাত্রা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চট্টোপাধ্যায় এবং অভিনেতা মিঠুন চক্রবর্তী। সেই শোভাযাত্রায় প্রথম সারিতে মুখ্যমন্ত্রীর পাশে দেখা গিয়েছে জিৎ, ঋতুপর্ণা, ইন্দ্রানী হালদার, বিশ্বনাথ বসু, অপরাজিতা আঢ্য, অঞ্জনা বসুকে। শোভাযাত্রায় পা মেলান রাজ ও শুভশ্রী। ছিলেন শ্রাবন্তী, সৌরসেনী সহ টলি ও টেলি ইন্ডাস্ট্রির একাধিক জনপ্রিয় মুখ। রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ, মমতা শঙ্কর, চিরঞ্জীত চক্রবর্তী, সন্দীপ রায়, হরনাথ চক্রবর্তী, সৃজিত মুখোপাধ্যায় পরবর্তীতে কেক কাটিং পর্বে মঞ্চে দেখা যায়। কেক কাটার পরে মুখ্যমন্ত্রী বলেন, ‘মহানায়ক আমাদের সকলকে এক ছাদের তলায় এনে ফেলেছেন। গতকাল কাকে কী বলেছিলাম, আজ ভুলে গিয়েছি। আজ শুধু উত্তম কুমার।