কিয়ারা-সিদ্ধার্থ২০২৫ সালের জুলাইতে প্রথম সন্তানসসুখ পেয়েছিলেন কিয়ারা আদবাণী ও সিদ্ধার্থ মালহোত্রা। কন্যা সন্তান এসেছিল তারকা দম্পতির ঘরে। প্রথম সন্তানের এক বছর তিন মাস পর আবার সুখবর দিলেন কিয়ারা ও সিদ্ধার্থ। বুধ সকালেই কিয়ারা-সিদ্ধার্থ জানালেন যে এবার তাঁরা দ্বিতীয় সন্তানের অভিভাবক হতে চলেছেন। যদিও জল্পনা ছিল আগে থেকেই যে কিয়ারা দ্বিতীয়বার প্রেগন্যান্ট। সোশ্যাল মিডিয়ায় তারকা দম্পতি পোস্ট শেয়ার করে এই সুখবর জানিয়েছেন সকলের সঙ্গে।
বুধবার সকালে ইনস্টাগ্রামে এক মিষ্টি পারিবারিক ফ্রেম ভাগ করে আবারও মা-বাবা হওয়ার খবর ভাগ করে নিয়েছেন বি-টাউনের এই তারকাদম্পতি। যেখানে দেখা যাচ্ছে সিদ্ধার্থ-কিয়ারার হাতের মাঝে রাখা তাঁদের কন্যাসন্তানের হাত। আর সেই তুলতুলে নরম হাতে ধরা একজোড়া ছোট্ট মোজা। ক্যাপশনে বলা আছে, আবারও জীবনের সর্বশ্রেষ্ঠ উপহারটা পেলাম। আমাদের মন, ভালোবাসা, কৃতজ্ঞতায় ভরে উঠেছে। দ্বিতীয় সন্তান আসার কথা ঘোষণা করলেও, এখনও তাঁরা প্রথম সন্তানের মুখ দেখাননি।
প্রথম সন্তান আগমনের খবরও এহেন অভিনব স্টাইলেই দিয়েছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। যেখানে তারকাদম্পতির হাতে ছোট্ট মোজাজোড়া দেখা গিয়েছিল। এবার অবশ্য সেই ফ্রেমে নতুন সংযোজন মেয়ে সারায়া। কারণ দেড় বছর হওয়ার আগেই ‘দিদি’ হিসেবে প্রোমোশন হতে চলেছে তার। সিদ্ধার্থ-কিয়ারার এই খবর শেয়ার করার পরই তাঁদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলিউডের অনেক তারকারাই। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে রাজস্থানে ব্যক্তিগত পরিসরে রাজকীয় বিয়ে সারেন কিয়ারা-সিদ্ধার্থ। বিয়ের দু'বছরের মাথায় সারায়া আসে তাঁদের জীবনে।
অন্য সব বলিউড তারকাদম্পতিদের মতোই কিয়ারা ও সিদ্ধার্থ সন্তান জন্মের পর থেকেই গোপনীয়তা বজায় রেখেছেন। নিজেদের পারিবারিক জীবনকে আড়ালে রাখতেই পছন্দ করেন এই তারকা দম্পতি। গত বছর ১৬ জুলাই তাঁরা জানান, তাঁদের কোলে এসেছে কন্যাসন্তান। কন্যার প্রথম ঝলক প্রকাশ করার সময়েও সেই সাদা মোজার বিশেষ ভূমিকা ছিল। সাদা মোজা পরা খুদে এক জোড়া পায়ের ছবি তাঁরা গত বছর নভেম্বর মাসে পোস্ট করেছিলেন। অর্থাৎ ওই এক জো়ড়া সাদা মোজা যে বেশ গুরুত্বপূর্ণ সিদ্ধার্থ ও কিয়ারার জীবনে, তা বোঝাই যায়।
২০২৬ সালেও সন্তান আসার খবর দিলেন কিয়ারা। পাশাপাশি এই বছরেই কিয়ারার বহু প্রতীক্ষিত ছবি ‘টক্সিক’ মুক্তি পেয়েছে। এই ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। অন্য দিকে ২০২৫ সালে সিদ্ধার্থের ছবি ‘পরম সুন্দরী’ মুক্তি পেয়েছিল। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘দ্য বন’। দু’টি ছবিই মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছে।