কৃতি শ্যাননবলিউডের লাস্যময়ী নায়িকাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন কৃতি শ্যানন। তাঁর ফিগার থেকে শুরু করে অভিনয় সবটাই ভীষণভাবে চর্চিত। এমনিতেই বিজ্ঞাপনে কাজ করা নিয়ে কিছুদিন আগেই একাধিক প্রথম সারির অভিনেতাদের সমস্যায় পড়তে হল। এবার রাখির বিজ্ঞাপনে মুখ দেখিয়ে চূড়ান্ত ট্রোলের শিকার হলেন কৃতি। রাখির বিজ্ঞাপনে ব্রালেট পরে ভাইয়ের হাতে রাখি বাঁধার বিজ্ঞাপন সামনে আসতেই, নায়িকাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। নেটিজেনের একাংশের দাবি, রাখির মতো পবিত্র উৎসব কৃতির এমন পোশাক ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে।
সম্প্রতি কৃতিকে রাখিবন্ধন উপলক্ষ্যে এক নামী গয়না সংস্থার বিজ্ঞাপনে দেখা গিয়েছে। এই বিজ্ঞাপনে বলিউড ডিভাকে অফ-হোয়াইট ব্রালেট-স্টাইলের ব্রাউজ, কেপ ও ড্রেপড স্কার্টে দেখা গিয়েছে। কিন্তু রাখির মতো উৎসবে কৃতির এমন ইন্দো-ওয়েস্টার্ন পোশাক একেবারেই পছন্দ হয়নি নেটিজেনের একাংশের। অনেকেই নায়িকার এই পোশাককে ঐতিহ্য ও ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে বলছে। তাঁদের প্রশ্ন, ঐতিহ্যবাহী রাখির অনুষ্ঠানে এমন পোশাক কতটা মানানসই?
কৃতির পোশাকের ব্রালেট অন্তর্বাসের মতো লাগছে বলে অনেকে জানিয়েছেন। আর এই নিয়েই নায়িকার ওপর ক্ষুব্ধ নেটিজেনের একাংশ। এটা ছাড়াও এই বিজ্ঞাপনে কৃতি তাঁর অনস্ক্রিন ভাইকে যখন রাখি বাঁধছিলেন, তাঁর হাতে পুজোর থালা দেখা যায়নি। এমনকী, বিজ্ঞাপনে ভাইকে রাখি পরানোর আগে কপালে তিলকও পরাননি নায়িকা। ঐতিহ্য বাদ দিয়ে শুধুই ‘আধুনিকতা’ দেখানোর নামে এই রীতি-রেওয়াজ লঙ্ঘনকে একেবারেই মেনে নিতে পারেননি অনেকে।
নেটপাড়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে এই বিজ্ঞাপন ঘিরে। একজন অসন্তুষ্ট ব্যবহারকারী কড়া ভাষায় মন্তব্য করেছেন, ‘ভাইকে রাখি পরাতে গিয়ে এমন পোশাক পরা কোনও দিদির শোভা পায় না।’ অন্য একজন কটাক্ষ করে লিখেছেন, ‘এটা রাখি উৎসব, রাখি সাওয়ান্তের শো নয়!’ কেউ আবার লিখেছেন, অন্তর্বাস পরেছেন। একদম লজ্জা নেই। কেউ কেউ রাখির রীতি-নিয়ম নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে ট্রোলড থেকে কৃতিকে বাঁচাতে ময়দানে নেমে গিয়েছে তাঁর ফ্যান-ফলোয়ার্সরা। বিতর্কের মাঝেই কাজের দিক থেকে সফল কৃতিকে শেষ দেখা গেছে 'ককটেল ২' ছবিতে, যেখানে শাহিদ কাপুর এবং রশ্মিকা মন্দানার পাশাপাশি তাঁর অভিনয় বেশ প্রশংসিত হয়েছিল। বর্তমানে তিনি তাঁর পরবর্তী ছবির কাজের প্রস্তুতি নিচ্ছেন।