রাজপাল যাবদ ও নওয়াজউদ্দিন সিদ্দিকি।-ফাইল ছবিরাজপাল যাদবের কঠিন সময়ে ফের পাশে দাঁড়ালেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। এর আগেও তিনি রাজপালকে ১০ লক্ষ টাকা আর্থিক সহায়তা করেছিলেন বলে জানা গেছে। যদিও সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি অভিযোগ উঠেছিল, বিপদে নওয়াজ নাকি বন্ধুর পাশে দাঁড়াননি। তবে অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্র সেই দাবি স্পষ্টভাবে খারিজ করেছে।
সূত্রের বক্তব্য, নওয়াজউদ্দিন বরাবরই রাজপালের পাশে থেকেছেন এবং এখনও নীরবে তাঁকে সমর্থন করছেন। 'এটা প্রথমবার নয়। আগেও তিনি ১০ লক্ষ টাকা সাহায্য করেছিলেন। নওয়াজ এই ধরনের সহায়তা কখনও প্রচারের আলোয় আনতে চান না। প্রকাশ্যে কিছু না বলেই তিনি গোপনে সাহায্য করতে পছন্দ করেন।'
রাজপাল যাদব সম্প্রতি এক দশক পুরনো চেক বাউন্স মামলায় তিহার জেলে আত্মসমর্পণ করেছেন। এই পরিস্থিতিতে বলিউডের একাধিক ব্যক্তিত্ব তাঁর পাশে দাঁড়িয়েছেন। অভিনেতা সোনু সুদ ও গুরমিত চৌধুরী প্রকাশ্যে সহায়তার আবেদন জানিয়েছেন। ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (FWICE) শিল্পমহলকে রাজপালের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জানিয়েছে, এটি দান নয়, বরং সংহতির প্রকাশ।
এছাড়া জেমটিউনস মিউজিকের মালিক ও সঙ্গীত প্রযোজক রাও ইন্দ্রজিৎ সিং যাদব ১.১১ কোটি টাকা দেওয়ার ঘোষণা করেছেন। রাজনীতিবিদ তেজ প্রতাপ যাদবও ১১ লক্ষ টাকা সহায়তার আশ্বাস দিয়েছেন।
নওয়াজউদ্দিন ও রাজপাল যাদবের বন্ধুত্ব তিন দশকেরও বেশি পুরনো। ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকেই তাঁদের পরিচয়। এক সাক্ষাৎকারে নওয়াজ বলেছিলেন, খারাপ সময়ে রাজপাল অনেককে সাহায্য করেছেন। তিনি বলেন, 'আমরা যখন ইন্ডাস্ট্রিতে স্ট্রাগল করছিলাম, তখন রাজপাল আমাদের সাহায্য করেছিলেন। তাঁর বাড়ি ছিল যেন লঙ্গরখানার মতো। যে কেউ এসে খেতে পারত। তিনি ভীষণ রসিক, কিন্তু অন্তরে অত্যন্ত সংবেদনশীল মানুষ।'