
কোন কোন টলিউড সেলেব থাকেন আরবানাতে?চর্চায় আরবানা। দক্ষিণ কলকাতার এই বিলাসবহুল আবাসন এখন খবরের শিরোনামে। সম্প্রতি রচনা বন্দ্যোপাধ্যায় এক সাক্ষাৎকারে বলেছেন, আরবানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে। আর তৃণমূল সাংসদ ও অভিনেত্রীর এই মন্তব্য ঘিরে এখন সমালোচনার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। রাজনৈতিক পালাবদলের আবহে সংবাদমাধ্যমের সামনে নিজের অবস্থান এবং তৃণমূলের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে কথা বলার সময় করা এই মন্তব্যকে ঘিরেই বিতর্কের সূত্রপাত। তবে শুধু রচনাই নন, আরবানার এই বিলাসবহুল আবাসনে থাকেন টলিপাড়ার তাবড় তাবড় অভিনেতা-অভিনেত্রী, পরিচালক-প্রযোজকেরা। আসুন দেখে নিই আরবানাতে কোন কোন তারকাদের বাসস্থান রয়েছে।
রাজ-শুভশ্রী
টলিপাড়ার পাওয়ার কাপল রাজ-শুভশ্রী আরবানাতেই থাকেন। আবাসনের অন্যতম হাই-প্রোফাইল বাসিন্দা এঁরা। এই আবাসনের একটি লাক্সারিয়াস ফ্ল্যাটে থাকেন তাঁরা। মাঝে মধ্যেই আরবানার ফ্ল্যাটের অন্দরের ঝলক শেয়ার করতে দেখা যায় শুভশ্রীকে।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়
টলিউডের অন্যতম চর্চিত এবং জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও থাকেন আরবানায়। এই আবাসনে তাঁর একটি নিজস্ব বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। আরবানার পশ লাইফস্টাইল এবং জিম, সুইমিং পুলের মতো সুযোগ-সুবিধাগুলি অভিনেত্রী বেশ পছন্দ করেন। অনেক সময়ই নিজের বারান্দা থেকে ছবি পোস্ট করেন শ্রাবন্তী।

পায়েল সরকার
টলিউডের আর এক নায়িকা পায়েল সরকারও এই বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বাসিন্দা। এখানে পায়েল তাঁর মা-বাবার সঙ্গে থাকেন। পায়েলও তাঁর ফ্ল্যাটের অন্দরের ছবি মাঝে মধ্যে শেয়ার করেন।

অরিন্দম শীল
টলিপাড়ার চর্চিত পরিচালক অরিন্দম শীল ও তাঁর স্ত্রী আরবানার ফ্ল্যাটে থাকেন। পরিচালককে এই আবাসনের সব পুজোতে অংশ নিতে দেখা যায়।
দেব
টলিউডের সুপারস্টার দেব আরবানার পেন্ট হাউসে থাকেন। মস্ত বড় সেই ফ্ল্যাটে রয়েছে নিজস্ব সুউমিং পুলও। শোনা যায়, গোটা আরবানার সবচেয়ে বড় অ্যাপার্টমেন্টই তাঁরই। তবে দেব সেখানে একা থাকেন না, মা-বাবা ও বোন দীপালিও তাঁর সঙ্গেই থাকেন।

কৌশিক ও চূর্ণী গঙ্গোপাধ্যায়
টলিউডের জাতীয় পুরস্কার জয়ী পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী তথা অভিনেত্রী-পরিচালক চূর্ণী গঙ্গোপাধ্যায় আরবানাতেই থাকেন। বিনোদন জগতের গ্ল্যামার থেকে একটু দূরে, শান্ত ও সৃষ্টিশীল পরিবেশের খোঁজে এই তারকা দম্পতি আরবানার বহুতলকেই নিজেদের ঠিকানা বানিয়েছেন।

ত্রমিলা ভট্টাচার্য
বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্যও আরবানার বাসিন্দা। ছোট পর্দার ব্যস্ত শ্যুটিংয়ের পর আরবানার নিরিবিলি ও মনোরম পরিবেশেই নিজের অবসর সময় কাটান অভিনেত্রী।

রচনা বন্দ্যোপাধ্যায়
রচনা বন্দ্যোপাধ্যায়েরও আরবানাতে নিজস্ব ফ্ল্যাট রয়েছে। রচনা বহু বছর ধরেই এই আবাসনের বাসিন্দা। সম্প্রতি রচনা জানিয়েছেন যে আরবানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হুগলির সাংসদ ও অভিনেত্রী।