সোহিনী গুহ রায়টেলিভিশনের ভীষণ চেনা মুখ সোহিনী গুহ রায়। একাধিক সিরিয়ালে তাঁকে লিড রোলে দেখেছেন দর্শকেরা। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই অভিনেত্রী চর্চায় থাকেন। তবে এবার কুমরোটুলিতে গিয়ে মা দুর্গার ছবি দিতেই নোংরাভাবে ট্রোলের শিকার হলেন অভিনেত্রী। নেটিজেনের একাংশ শুধু সোহিনীকেই নয়, মা দুর্গাকে নিয়েও খারাপ মন্তব্য করতে পিছুপা হননি। যদিও এই মন্তব্যের পাল্টা জবাব দেননি সোহিনী। তবে এই কমেন্টগুলো ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে সমালোচনার ঝড় উঠেছে।
সোহিনী বেশ কিছুদিন আগে হলুদ রঙের কুর্তা পরে কুমোরটুলিতে গিয়ে ছবি তুলেছিলেন। তখনও সম্পূর্ণ হয়নি মা দুর্গাকে গড়ার কাজ। এই ছবি পোস্ট করে ক্যাপশনে সোহিনী লেখেন, 'মা এসে গেছে'। আর এই ছবি পোস্ট হতেই নেটিজেনের একাংশ তাঁকে ও মা দুর্গাকে নিয়ে খারাপ মন্তব্য করতে শুরু করে। ছবিটি প্রকাশ্যে আসার পর সনাতন ধর্মের আরাধ্য দেবী দুর্গাকে উদ্দেশ্য করে চরম অশালীন, আপত্তিকর ও কুরুচিকর মন্তব্য করতে শুরু করে নেটিজেনের একাংশ। মা দুর্গার প্রতিমা নিয়ে শালীনতার সমস্ত সীমা ছাড়িয়ে মন্তব্য করার পাশাপাশি ছাড় দেওয়া হয়নি অভিনেত্রী সোহিনীকেও। তাঁর পোশাক, ব্যক্তিগত রুচি ও ধর্মীয় ভাবাবেগ নিয়ে একের পর এক কদর্য আক্রমণ চালিয়ে তাঁকে আক্রমণ করা হয়।
এই মন্তব্যগুলি যাদের প্রোফাইল থেকে এসেছে, তারা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক। অন্তত তাদের ফেসবুক প্রোফাইল তাই বলছে। অবশ্য এইসব খারাপ মন্তব্যকে মোটেও প্রশ্রয় দেননি অনেকেই। বেশ কিছু নেট নাগরিক এই ধরনের মন্তব্যের তীব্র নিন্দা করেছেন। এমনকী কিছু বাংলাদেশিও এই ধরনের মন্তব্যকে সমর্থন করেন না বলেই জানিয়েছেন। অনেকেই বলছেন সাইবার ক্রাইম ও পুলিশের দ্বারস্থ হতে। যদিও সোহিনীর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ময়ূরপঙ্খী সিরিয়ালে অভিনয় করে আলোচনায় উঠে এসেছিলেন সোহিনী গুহ রায়। পরবর্তীতে নিজের বিয়ে-বিচ্ছেদ নিয়েও চর্চায় থেকেছেন নায়িকা। আপাতত টেলিভিশন থেকে দূরে, তবে বেশ কিছু ওটিটি প্রোজেক্টে কাজ করেছেন সোহিনী। সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ থাকেন অভিনেত্রী। নিজের ব্যক্তিগত মুহূর্তগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে ভালোবাসেন অভিনেত্রী।